Somoy TV
নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনে ফিটনেস টেস্টের পর ফিল্ডিংয়ে গুরুত্ব দিয়েছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। ক্রিকেটারদের সঙ্গে সময় দেন হেড কোচ ফিল সিমন্স। মেহেদী হাসান মিরাজ ও পিএসএলে থাকা ক্রিকেটাররা ছাড়া ক্যাম্পে যোগ দিয়েছেন বাকিরা।পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর খানিকটা অবসর পেয়েছেন ক্রিকেটাররা। ঈদের ছুটি কাটিয়ে আবারও শুরু ব্যস্ততা। সামনে আছে নিউজিল্যান্ড সিরিজ। তারপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। হাতে যথেষ্ট সময় থাকায় ক্রিকেটারদের ফিটনেস স্কিল নিয়ে কাজ করার সুযোগ মিস করেনি টিম ম্যানেজমেন্ট। ঈদ ছুটি শেষে দেরি না করে হেড কোচ ফিল সিমন্স নেমে গেছেন শিষ্যদের নিয়ে।ঈদের ছুটিতে ক্রিকেটাররা বিশ্রামে থাকায় ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু ক্যাম্পের আনুষ্ঠানিকতা। রানিং সেশনে যোগ দেন টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। এরপর একে একে ওয়ানডে ও টেস্ট দলের ক্রিকেটাররাও যোগ দিয়েছেন ক্যাম্প। লম্বা সময় দেন রানিংয়ে। ফিটনেস উন্নয়নে কিছু কসরতও করেন তারা।এরপর ক্রিকেটাররা মনোযোগ দেন ফিল্ডিং সেশনে। ফিল্ডিং কোচ প্যামেন্ট কয়েকটি ভাগে ভাগ করে কাজ করেন শিষ্যদের নিয়ে। এদিন গ্রাউন্ড ফিল্ডিংয়ে বেশ গুরুত্ব দিয়েছেন কোচ। বেশ কিছু নতুন টেকনিক নিয়েও কাজ করেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিছুটা ঢিলেঢালা ফিল্ডিং দেখা গেছে বাংলাদেশের। সে কারণেই গ্রাউন্ড ফিল্ডিংয়ে কাজ করেছেন। টি-টোয়েন্টিতে কীভাবে রান বাঁচানো কিংবা রান আউট করা যায় সেই স্কিল তৈরিতে বাড়তি গুরুত্ব দেয়া হয়েছে।আরও পড়ুন: মোস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত শাহিন আফ্রিদি, শিখতে চান হারিসএরপর কাজ করেন লং ক্যাচ নিয়ে। টাইগাররা সম্প্রতি ক্যাচিংয়ে ভালো করলেও মাঝে মধ্যে সহজ ক্যাচও মিস করতে দেখা গেছে। যে কারণে বাড়তি গুরুত্ব পেয়েছে লং ক্যাচিং অনুশীলন। বিকালের সেশনে ট্রেইনার ও ফিজিও ছিলেন সৌম্য-লিটনদের ফিটনেসের দেখভালের দায়িত্বে। সপ্তাহখানেক এভাবেই চলবে ফিটনেস ও ফিল্ডিংয়ের কাজ। ৪ এপ্রিল শুরু হবে লাল ও সাদা বলের ক্রিকেটারদের ব্যাট বলের অনুশীলন। ১০ অথবা ১১ এপ্রিল থেকে শুরু নিউজিল্যান্ড সিরিজের জন্য চূড়ান্ত অনুশীলন। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে ম্যানেজমেন্টের।কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য এখনও ছুটিতে আছেন। স্কিল ক্যাম্পের শুরুতে সবাইকে পাওয়া যাবে। ঘরের মাঠে টানা দুই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষের দারুণ কিছুর অপেক্ষায় টাইগাররা।
Go to News Site