Somoy TV
ইরানি ড্রোনের হামলা থেকে গুরুত্বপূর্ণ ও বেসামরিক অবকাঠামো রক্ষায় মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে এরই মধ্যে ইন্টারসেপ্টর ব্যবস্থা মোতায়েন শুরু করেছে ইউক্রেন। পাশাপাশি এসব ব্যবস্থা পরিচালনার জন্য ২০০-র বেশি বিশেষজ্ঞ পাঠিয়েছে দেশটি।এবার সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সরাসরি বৈঠক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুধু তাই নয়, চলমান যুদ্ধে ইরানি ড্রোন থেকে সৌদির সুরক্ষা নিশ্চিত করতে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছেন। পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওইদিন তেহরানে বিমান হামলায় খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা শুরু করে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি মানববিহীন ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে যা ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশগুলো। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে উপসাগরীয় দেশগুলোকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। দেশটি গত প্রায় বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে। যেখানে তাদেরকে ইরানের অত্যাধুনিক শাহেদ-১৩৬ ড্রোন মোকাবেলা করতে হচ্ছে। আরও পড়ুন: ইসরাইলকে সহায়তার প্রস্তাব, ইউক্রেনকে ইরানের কঠোর হুঁশিয়ারি আল জাজিরার প্রতিবেদন মতে, ইরানি ড্রোনের হামলা থেকে গুরুত্বপূর্ণ ও বেসামরিক অবকাঠামো রক্ষায় মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ইন্টারসেপ্টর ব্যবস্থা মোতায়েন শুরু করেছে ইউক্রেন। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভ গত শুক্রবার (২০ মার্চ) এক এক্স বার্তায় জানান, এই ইন্টারসেপ্টর ব্যবস্থাগুলো মূল অবকাঠামো সুরক্ষায় কাজ করছে। শুধু উপসাগরীয় দেশগুলো নয়, ইসরাইলকে সহযোগিতা দেয়ার কথা বিবেচনা করছে ইউক্রেন। যা নিয়ে কিয়েভকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানকে ঠেকাতে এবার সরাসরি সৌদি সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আরব নিউজের প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সৌদি সফরে যান জেলেনস্কি। সফরে সৌদি যুবরাজের পাশাপাশি অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এএফপির প্রতিবেদন মতে, বৈঠকে জেলেনস্কি বলেন, ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন থেকে সৌদিকে সুরক্ষা দিতে প্রস্তুত আছে ইউক্রেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরু থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও জর্ডানে কাজ করছেন ইউক্রেনীয় বিশেষজ্ঞরা ইতোমধ্যে তারা তাদের কাজে পারদর্শিতা দেখিয়েছেন। আরও পড়ুন: ইরানি ড্রোন ঠেকাতে মধ্যপ্রাচ্যে বসলো ইউক্রেনের ইন্টারসেপ্টর ব্যবস্থা তিনি আরও জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে কাজ করছেন ২ শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ, যারা ইরানি ড্রোন আটকানো ও ধ্বংসে বিশেষভাবে পারদর্শী। সৌদি আরবের এক কর্মকর্তার বরাতে এএফপি জানায়, জেলেনস্কি ও সৌদি যুবরাজ একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। পরে জেলেনস্কি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তি স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। ইউক্রেনের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘এটা শুধু ড্রোন আটকানোর ব্যাপার নয় বরং এখানে (চুক্তি) একটি সিস্টেম গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব দেয়া হয়েছে। এমন একটি সিস্টেম, যা অন্যান্য সিস্টেম, বিশেষ করে ক্ষেপণাস্ত্র সুরক্ষা বিষয়ক এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।’
Go to News Site