Somoy TV
রাজবাড়ী ফেরি ঘাটে বাস দুর্ঘটনার প্রেক্ষিতে দ্রুত জরুরি রেসপন্স টিম মোতায়েন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ এবং মানবিক সহায়তায় কাজ করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজবাড়ী ইউনিটের মোট ৭২ জন রেড ক্রিসেন্ট যুব (আরসিওয়াই) স্বেচ্ছাসেবক তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন। স্বেচ্ছাসেবকরা আহতদের জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান এবং তাদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তরের মাধ্যমে উদ্ধার অভিযানে সক্রিয়ভাবে সহায়তা করেন। চলমান এই কার্যক্রমকে আরও জোরদার করতে বিডিআরসিএস সদর দফতরের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ থেকে অতিরিক্ত ৮ জন যুব স্বেচ্ছাসেবক মাঠে পাঠানো হয়েছে, যা সময়োপযোগী এবং সমন্বিত মানবিক সহায়তা নিশ্চিত করছে। আরও পড়ুন: পদ্মায় বাসডুবি: অবহেলা ও দায়িত্বহীনতায় এতো প্রাণহানি! বিডিআরসিএসের রিস্টোরিং ফ্যামিলি লিংকস (আরএফএল) বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এবং পরিবারের সদস্যদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের প্রচেষ্টায় সহায়তা করতে আরএফএল টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। উদ্ধার অভিযান চলাকালে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকরা ২৬টি মরদেহ ব্যবস্থাপনা করেছেন, ৩ জন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য আদান-প্রদানে সহায়তা করেছেন। সমগ্র উদ্ধার কার্যক্রম বিডিআরসিএসের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক এবং রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও কার্যনির্বাহী সদস্যদের সক্রিয় নির্দেশনা ও সমন্বয়ে পরিচালিত হয়েছে, যা সব মানবিক কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করেছে। আরও পড়ুন: দৌলতদিয়ায় বাসডুবি: উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই সংকটময় মুহূর্তে সব স্বেচ্ছাসেবক, কর্মী এবং ইউনিট নেতৃত্বের উৎসর্গ, প্রতিশ্রুতি এবং মানবিক চেতনার প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিডিআরসিএস মানবতার সেবায় এবং জরুরি মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।
Go to News Site