Somoy TV
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া বাগ্বিতণ্ডা মুহূর্তেই উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।শুক্রবার (৫ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নে মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশন চলাকালে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে উপস্থিত স্বজন ও অতিথিদের সামনেই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন আহত হন। এতে বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিতদের মধ্যে।আরও পড়ুন: আর্জেন্টিনার জার্সি পরা রোগী এলে ভিজিট অর্ধেক নেবেন ডা. হাবিবসংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রাসেল মোল্লার বাম চোখের পাশে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনা প্রসঙ্গে কনের মামা বাবলু আকন অভিযোগ করেন, অতিরিক্ত রোস্ট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন আহত হন।এদিকে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই সামান্য বিষয় নিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Go to News Site