Collector
খুতবা থামিয়ে যে সতর্কবার্তা দিলেন মসজিদে নববীর খতিব | Collector
খুতবা থামিয়ে যে সতর্কবার্তা দিলেন মসজিদে নববীর খতিব
Somoy TV

খুতবা থামিয়ে যে সতর্কবার্তা দিলেন মসজিদে নববীর খতিব

পবিত্র মদিনার মসজিদে নববিতে জুমার খুতবা চলাকালীন এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। খুতবার মাঝখানে হঠাৎ বক্তব্য থামিয়ে উপস্থিত ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইমাম ড. সালাহ আল-বুদাইর। তিনি স্পষ্ট ভাষায় জানান, ছবি ও ভিডিও ধারণ এমনভাবে করতে হবে যেন মুসল্লিদের কষ্ট না হয় এবং ইবাদতের পরিবেশ ব্যাহত না হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, জুমার নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড়ের মধ্যেই প্রথাগতভাবে খুতবা দিচ্ছিলেন ড. সালাহ আল-বুদাইর। খুতবার একপর্যায়ে তিনি আকস্মিকভাবে সংক্ষিপ্ত বিরতি নেন। এরপর সরাসরি চিত্রগ্রহণকারীদের উদ্দেশ্য করে বলেন, পবিত্র এই স্থানে দায়িত্বশীল আচরণ করা জরুরি। ছবি বা ভিডিও ধারণ করতে গিয়ে যেন কারও মনোযোগ নষ্ট না হয় এবং ইবাদতের পরিবেশ নষ্ট না হয়, সেদিকে কঠোর নজর রাখার নির্দেশ দেন তিনি। খুতবার এই বিশেষ মুহূর্তটির ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। নেটিজেনদের একটি বড় অংশ ইমামের এই পদক্ষেপকে অত্যন্ত সময়োপযোগী ও সাহসী বার্তা হিসেবে দেখছেন। অনেকে বলছেন, পবিত্র স্থানগুলোতে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার নিয়ে এখন নতুন করে ভাবার সময় এসেছে। আরও পড়ুন: ‘বালাগাল উলা বি কামালিহি’ কবিতার অর্থ সাম্প্রতিক বছরগুলোতে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন পবিত্র ধর্মীয় স্থানে মোবাইল ফোন ও ক্যামেরার ব্যবহার বহুগুণ বেড়েছে। ওমরাহ পালনকারী ও জিয়ারতকারীরা স্মৃতি ধরে রাখতে কিংবা স্বজনদের দেখাতে ছবি ও ভিডিও ধারণ করে থাকেন। ডিজিটাল যুগে এটি এখন একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। তবে সমালোচক এবং ইসলামিক বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চিত্রগ্রহণের প্রবণতা ইবাদতের গভীরতা ও একাগ্রতা কমিয়ে দিচ্ছে। নামাজ, দোয়া কিংবা তাওয়াফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের সময়ও ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনের (রিয়া বা লোকদেখানো ভাব) প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, সংযত ও শালীনভাবে স্মৃতি ধরে রাখার জন্য ছবি তোলা এক বিষয়, কিন্তু অন্যের মনোযোগ বিঘ্নিত করে বা পবিত্র পরিবেশের মর্যাদা নষ্ট করে চিত্রগ্রহণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পবিত্র স্থানগুলোর আধ্যাত্মিক আবহ রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। পর্যবেক্ষকদের মতে, ড. সালাহ আল-বুদাইরের এই সতর্কবার্তা কেবল সেদিনের উপস্থিত কয়েকজনের জন্য ছিল না; বরং বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ইবাদত এবং আত্মপ্রদর্শনের (শো-অফ) সূক্ষ্ম সীমারেখা সম্পর্কে সমগ্র মুসলিম সমাজের জন্য এটি একটি সময়োপযোগী ও শক্তিশালী স্মারক।

Go to News Site