Somoy TV
রাজধানীর উত্তরখান ও দারুসসালাম এলাকায় আলাদা দুটি ঘটনায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন।শনিবার (৬ জুন) এসব দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, উত্তরখানের একটি বাসায় সপরিবারে থাকেন আলী হোসেন, তার স্ত্রী হাসনা হেনা ও তাদের মেয়ে আঁখি আক্তার। আজ ভোরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা তিনজনই দগ্ধ হন। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ ছয়জনের শরীরের ১০ থেকে শুরু করে শতভাগ পর্যন্ত পুড়ে গেছে। তাদের মধ্যে আলী হোসেন ও হাসনা হেনা দম্পতির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আরও পড়ুন: হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুনএদিকে রাজধানীর দারুসসালাম এলাকায় আরেকটি গ্যাস বিস্ফোরণের ঘটনায় বিপ্লব, মিরাজ ও সুজন নামের তিন দিনমজুর দগ্ধ হয়েছেন। কাজ শেষে বাসায় ফেরার পর রান্না করতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদেরও একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক জানান, দগ্ধদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তাদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে।পুলিশ জানায়, উভয় ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাগুলোর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Go to News Site