Collector
বাপ্পারাজ সরে যাওয়ায় সভাপতি পদে আরমান, সেক্রেটারি মুক্তি | Collector
বাপ্পারাজ সরে যাওয়ায় সভাপতি পদে আরমান, সেক্রেটারি মুক্তি
Jagonews24

বাপ্পারাজ সরে যাওয়ায় সভাপতি পদে আরমান, সেক্রেটারি মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্যানেল গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রের পরিচিত ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। এই পদ থেকে চিত্রনায়ক বাপ্পারাজ নিজের নাম প্রত্যাহার করে নেয়ায় আরমান যুক্ত হলেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়বেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। আরমান ও মুক্তি দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন মেয়াদে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আরমান। সর্বশেষ তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন। তবে এবারই প্রথম সভাপতি পদে নির্বাচন করছেন তিনি। আরমান বলেন, ‘সিনিয়র ও জুনিয়র শিল্পীদের উৎসাহেই সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। অতীতে শিল্পীরা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, এবারও তাদের আস্থা পাব বলে আশা করছি। শিল্পী সমিতিকে ঘিরে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে সেগুলো বাস্তবায়নে কাজ করব।’ এদিকে সাধারণ সম্পাদক পদে লড়ার সিদ্ধান্তের বিষয়ে মুক্তি বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে বাপ্পা ভাই এবার নির্বাচনে অংশ নিতে পারছেন না। শিল্পীদের আগ্রহে আরমান মামা সভাপতি পদে প্রার্থী হয়েছেন। আমরা গুণী শিল্পীদের নিয়ে একটি শক্তিশালী প্যানেল গঠন করেছি।’ তিনি আরও বলেন, ‘মায়ের স্বপ্ন, শিল্পীদের অনুরোধ এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা থেকেই সাধারণ সম্পাদক পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। নির্বাচিত হলে শিল্পীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।’ এর আগে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। রুমানা ইসলাম মুক্তিকে সঙ্গে নিয়ে প্যানেল গঠনের কথাও জানিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এই অভিনেতা। এদিকে আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কামাল মো. কিবরিয়া লিপু। আপিল বোর্ডের প্রধান করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ছটকু আহমেদকে। উল্লেখ্য, গত দেড় বছরে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মুক্তি। শিল্পীদের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই মনে করছেন, পারিবারিক ঐতিহ্য, সাংগঠনিক অভিজ্ঞতা এবং শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে সামনে এনেছে। মুক্তির মা বরেণ্য অভিনেত্রী আনোয়ারা দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। সেই ঐতিহ্য ও অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই এবার নতুন সাংগঠনিক যাত্রায় নামছেন মুক্তি। আর তার পাশে রয়েছেন অভিজ্ঞ সংগঠক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আরমান। এখন দেখার বিষয়, ভোটের মাঠে এই জুটি কতটা সমর্থন আদায় করতে পারে।   এমআই/এলআইএ

Go to News Site