Collector
Giriş Yap
লালমনিরহাটে ছাত্রলীগের মিছিলের পর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১২ | Collector
লালমনিরহাটে ছাত্রলীগের মিছিলের পর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১২

লালমনিরহাটে ছাত্রলীগের মিছিলের পর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১২

লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল করার ঘটনায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ নেতাকর্মী রয়েছেন। রোববার (৬ জুন) গ্রেফতারদের লালমনিরহাটের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) লালমনিরহাটে প্রকাশ্যে মিছিল বের করে ছাত্রলীগ। এ ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় ৪৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। এর পরই জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের এ যৌথ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতাররা হলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এরশাদুল হক, কালীগঞ্জ থানার ভোটমারী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আশরাফুল হক, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজার রহমান, উত্তর ৩২ হাজারী এলাকার মো. আনোয়ার এবং উত্তর দলগ্রামের রিপন চন্দ্র রায়। তাদের মধ্যে আরও রয়েছেন পাটগ্রাম থানার রসুলগঞ্জের ছাত্রলীগ কর্মী শাহরিয়ার শামীম, বুড়িমারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তুহিনুজ্জামান বাবু, হাতীবান্ধা থানার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আদনান শুভ, আদিতমারী থানার ভাদাই ইউনিয়নের আরাজি দেওয়াডেবা গ্রামের নজরুল ইসলাম, সদর থানার কালীবাড়ি এলাকার লতিফুর রহমান অন্তর, খোর্দ সাপটানার সিফাত এবং সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাপটিবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোতালেব খন্দকার। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পুলিশের কঠোর অবস্থান বজায় রয়েছে। ছাত্রলীগের প্রকাশ্য মিছিলের পর জেলাজুড়ে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। তিনি জানান, পাঁচটি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মহসীন ইসলাম শাওন/এমকেআর

Go to News Site