Collector
ভোট দিলেন তামিম-রুবেলরা | Collector
ভোট দিলেন তামিম-রুবেলরা
Jagonews24

ভোট দিলেন তামিম-রুবেলরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন অ্যাড-হক কমিটির সভাপতি ও সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকা মেট্রোপলিস ক্লাব কোটার কাউন্সিলর হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন তামিম। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে তিনি শুধু ভোটই দিচ্ছেন না, একইসঙ্গে পরিচালক পদেও লড়ছেন। তামিমের পাশাপাশি ভোট দিয়েছেন অ্যাড-হক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু ও ইসরাফিল খসরু। জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনকেও ভোট দিতে দেখা গেছে বিসিবি কার্যালয়ে। গত বছর নানা অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত শেষে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়। পরে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়। সেই কমিটির অন্যতম প্রধান দায়িত্ব ছিল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা। অবশেষে নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যেই সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে নির্বাচন ঘিরে বিতর্কও কম নয়। বিভিন্ন ক্যাটাগরির একাধিক প্রার্থীর রাজনৈতিক পরিচয় এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফল ঘোষণা করার কথা রয়েছে। এসকেডি/আইএন

Go to News Site