Jagonews24
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী পদে বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। রোববার (৭ জুন) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ, খাগড়াছড়ি’ ব্যানারে এ মানববন্ধন হয়। চাইথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, সাধারণ শিক্ষার্থী মৌনুচিং মারমা, প্রজ্ঞা জ্যোতি চাকমা, শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্যাঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের আস্থাভাজন এবং একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তারা আরও বলেন, আইন পেশা ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করেছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি কখনো দলত্যাগ করেননি বরং বিভিন্ন পরিস্থিতির কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে তার পূর্বের দায়িত্বে পুনর্বহালের দাবি জানান। একইসঙ্গে এ দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। প্রবীর সুমন/এএইচ/এমএস
Go to News Site