Jagonews24
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২১তম সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তবে রোববার নির্বাচনের আগের রাতেও তাকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ায় ম্যাচ বয়কটের ইস্যু নিয়ে মিটিং করতে হয়েছে। তামিম আজ জানালেন তিনি কোনো সমাধান দিতে পারেননি, ক্লাব-ক্রিকেটাররাও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। রোববার সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আজ আমার ইলেকশন ছিল। আমি গতকালও খুবই ব্যস্ত ছিলাম, তারপরও আমি দুপক্ষের সাথে বসেছি। দুপক্ষকে ডেকে এনে আমি একটা সমাধানও দিয়েছি। যেহেতু দুপক্ষের কারও কাছেই কোনো কাগজপত্র ছিল না, কোনো প্লেয়ার কন্ট্রাক্ট ছিল না, তাই বোর্ড হিসেবে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। কেউ যদি বলে আমি এক টাকা পাই, আর কেউ বলে আমি দুই টাকা পাই- এটা প্রমাণ করার জন্য তো আমার হাতে কাগজ থাকতে হবে।’ আরও পড়ুন ব্রাদার্স ইউনিয়ন ইস্যু / বৈঠকের উদ্যোগ তামিমের, আসতে পারে ‘ট্রাই-পার্টি’ চুক্তি তবে তামিম অনুরোধ করেছিলেন দুপক্ষকেই সমঝোতায় পৌঁছাতে, ‘যেহেতু প্লেয়ারদের কোনো কন্ট্রাক্ট ছিল না, তাই আমি সরাসরি সিদ্ধান্ত দিতে পারি না। আমি দুই পক্ষকেই রিকোয়েস্ট করেছি। আমাদের সিসিডিএম রুল অনুযায়ী যদি এভাবে ওয়াকওভার দেওয়া হয়, তাহলে টিমটা অটোমেটিকলি অবনমিত হয়ে যায়। এখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের ব্যাপারটা ভিন্ন ছিল। তখন সব ২৪টা টিম মিলে একমত হয়েছিল বলেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল- আমি একা সিদ্ধান্ত নেইনি।’ তামিম আরও বলেন, ‘আমি আজ তাদের বলেছি, আপনাদের কাছে দুটি অপশন আছে। একটা হলো- আপনারা যদি প্লেয়ার আর ক্লাব এভাবে বিভক্ত থাকেন, তাহলে আমার আর কিছু করার থাকবে না, ব্রাদার্স অটোমেটিকলি রেলিগেটেড হয়ে যাবে। আর আপনারা ক্লাব আর প্লেয়াররা নিজেদের মধ্যে বসে সমঝোতা করেন…, কথা বলে যদি ১২টা টিম মিলে একটা চিঠি দেয়, যে আমরা ক্রিকেটের স্বার্থে এই ম্যাচটা আবার খেলতে চাই, আর পরের দুটি ম্যাচও খেলতে চাই এবং সব টিম যদি সাইন করে, তাহলে আমি সেটা বোর্ডে প্রপোজ করতে পারবো। বোর্ডে প্রপোজ করে যদি সবাই ক্রিকেটের স্বার্থে রাজি হয়, তাহলে আমি সেটা করার চেষ্টা করবো।’ তবে সেটা হয়নি, ‘কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আজও আমি শুনেছি- আমি ইলেকশনের মাঝেও এটা নিয়ে কাজ করছিলাম, ক্লাব আর প্লেয়ারদের মধ্যে সেই সমঝোতা হয়নি। ওই ফেইল হওয়ার কারণে এখন পর্যন্ত আমার কাছে কোনো চিঠি আসেনি। কালকে নতুন ফিকশ্চার আছে, তাই এখন আমাকে বাই-লজ অনুযায়ী যেটা আছে সেটাই ফলো করতে হবে।’ এসকেডি/আইএইচএস/
Go to News Site