Collector
শুভমান-পান্তের ব্যাটে ভারতের রান পাহাড়, ২য় দিন শেষে বিপদে আফগানিস্তান | Collector
শুভমান-পান্তের ব্যাটে ভারতের রান পাহাড়, ২য় দিন শেষে বিপদে আফগানিস্তান
Jagonews24

শুভমান-পান্তের ব্যাটে ভারতের রান পাহাড়, ২য় দিন শেষে বিপদে আফগানিস্তান

চন্ডিগড় টেস্টের প্রথম দিন শুভমান গিল ও রিশাভ পান্ত ঠিক যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় দিন শুরুটা করলেন সেখান থেকেই। দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৬৪ রানে ইনিংস ঘোষণা করল তারা। জবাবে আফগানিস্তানের রান দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১১৩। ভারতের থেকে এখনও ৪৫১ রানে পিছিয়ে আফগানিস্তান। প্রথম দিনই শতরান পূর্ণ করে ফেলেছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। রিশাভ পান্তও অর্ধশতরান করেন। দ্বিতীয় দিন দলের রান আরও বাড়ালেন তারা। তাতে বড় কৃতিত্ব আফগানিস্তানের। প্রথম দিনের পর দ্বিতীয় দিনও দু’টি ভুল করে আফগানরা। পরপর দু’বলে ঘটে সেই ঘটনা। ৮৯তম ওভারে বল করছিলেন আজমাতুল্লা ওমরজাই। ব্যাট করছিলেন শুভমান। একটি বল তার প্যাডে লাগে। আবেদন করেন আফগান ক্রিকেটারেরা। আম্পায়ার আউট দেননি। আফগানিস্তানের অধিনায়ক হাসমতুল্লা শহিদি উইকেটরক্ষক আফসার জাজাইকে জিজ্ঞাসা করেন, রিভিউ নেবেন কি না। শুভমানের প্যাডে দু’বার বল লেগেছিল। সামনের পায়ে লাগার পর পিছনের পায়ে লাগে। দৌড়ে এক রানও নেন তিনি। প্যাডে দু’বার বল লাগায় সম্ভবত ধোঁয়াশায় পড়েন জাজাই। তার মনে হয় বল লেগ স্টাম্পের বাইরে যেত। তাই রিভিউ নিতে নিষেধ করেন তিনি। পরে রিপ্লেতে দেখা যায়, বল গিয়ে অফ ও লেগ স্টাম্পে লাগছিল। অর্থাৎ, রিভিউ নিলে শুভমান আউট হতেন। তখন ১০৮ রানে খেলছিলেন শুভমান। তিনি করেন ১২৬ রান। পরের বলেই পান্তের উইকেট পেতে পারতেন ওমরজাই। তার বল পান্তের ব্যাট ঘেঁষে উইকেটরক্ষকের কাছে যায়। আবার আউটের আবেদন করেন আফগান ক্রিকেটারেরা। আম্পায়ার আউট দেননি। সবাইকে অবাক করে দিয়ে আবার রিভিউ নেননি শহিদি। পরে দেখা যায়, পান্ত খোঁচা মেরেছিলেন। সেই সময় ৬৩ রানে খেলছিলেন তিনি। পান্ত করেন ৮১ রান। পর পর দু’বার এই ভুল সিদ্ধান্ত মানতে পারেননি রহমানুল্লা গুরবাজ। তিনি প্রকাশ্যে অধিনাককে প্রশ্ন করেন, কেন তিনি রিভিউ নিলেন না। রান পেয়েছেন ওয়াশিংটন সুন্দরও। আইপিএলে ভাল ব্যাট করেছেন তিনি। সেই ফর্ম এই ম্যাচেও দেখা গেল। ৫২ রানে অপরাজিত থাকলেন তিনি। সুন্দরের অর্ধশতরানের পরেই ইনিংস ঘোষণা করেন শুভমান। ভারত বড় রান করলেও নজর কাড়লেন মোহম্মদ সালিম সাফি। এই আফগান পেসার ভারতের ৮ উইকেটের মধ্যে ৬টিই নিয়েছেন। ২৭ ওভারে দিয়েছেন ১৪০ রান। সারাক্ষণ আক্রমণাত্মক বল করেছেন তিনি। তাতে রান হলেও উইকেটের সুযোগ তৈরি করতে পেরেছেন। ভারত কেন তিন স্পিনার খেলাচ্ছে, তা আফগানিস্তানের প্রথম ইনিংসে ভালভাবে বোঝা গেল। শুরুটা করলেন এই টেস্টে অভিষেক করা মানব সুতার। ষষ্ঠ ওভারে তার হাতে বল তুলে দেন শুভমন। চতুর্থ বলেই আব্দুল মালিককে আউট করেন তিনি। টেস্ট কেরিয়ারে এটি তার প্রথম উইকেট। অপর ওপেনার সেদিকুল্লা অটলকে বোল্ড করেন প্রাসিদ কৃষ্ণা। আফগানিস্তানের তৃতীয় উইকেটও নেন সুতার। রহমানুল্লা গুরবাজকে আউট করেন তিনি। প্রথম ওভার থেকে সুতারের বল ঘুরছিল। বলের গতিও ভাল ছিল। ফলে সমস্যা হচ্ছিল আফগান ব্যাটারদের। চতুর্থ উইকেটে রহমত শাহ ও অধিনায়ক শহিদির মধ্যে জুটি হয়। সুতারের পাশাপাশি কুলদীপ যাদবও উইকেট পেতে পারতেন। তার একটি বল শহিদির ব্যাটে লেগে পন্থের হাতে যায়। কিন্তু আম্পায়ার আউট দেননি। অবশেষে সেই জুটি ভাঙেন প্রাসিদ। ২০ রানের মাথায় শহিদিকে আউট করেন তিনি। দিনের শেষে জাজাইকে আউট করেন সুতার। সেই উইকেট পড়ার পরেই দিনের খেলা শেষ হয়ে যায়। সুতার ১৫.৫ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আইএইচএস/

Go to News Site