Collector
হাই পারফরম্যান্স সেন্টার- তামিমের ‘সবচেয়ে বড় স্বপ্ন’ | Collector
হাই পারফরম্যান্স সেন্টার- তামিমের ‘সবচেয়ে বড় স্বপ্ন’
Jagonews24

হাই পারফরম্যান্স সেন্টার- তামিমের ‘সবচেয়ে বড় স্বপ্ন’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল বলেছেন, একটি আধুনিক হাই পারফরম্যান্স সেন্টার গড়ে তোলা তার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। তবে বর্তমানে থাকা নকশা তার পছন্দ হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। এজন্য প্রকল্পটির নকশা নতুন করে করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার বিসিবি নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘হাই পারফরম্যান্স সেন্টারের কথাটা বলি। অবশ্যই এটা আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। এটা নিয়ে ছোট্ট একটা আপডেট দিই। বেশ কয়েক বছর আগে পপুলাস নামের একটি কোম্পানি স্টেডিয়ামসহ হাই পারফরম্যান্স সেন্টারের ডিজাইন করেছিল।’ দায়িত্ব নেওয়ার পর সেই নকশা দেখেই তিনি সন্তুষ্ট হতে পারেননি বলে জানান তামিম, ‘আমি যখন দায়িত্ব পাই, তখন ডিজাইনটা দেখি। কিন্তু ডিজাইনটা আমার খুব একটা পছন্দ হয়নি। যদিও আমরা তাদেরকে বড় অঙ্কের অর্থ পরিশোধ করেছি, আরও কিছু পেমেন্টও বাকি আছে।’ তামিম জানান, এ বিষয়ে তিনি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ফাহিম সিনহাকে নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে একটি জুম মিটিং করেছেন। তিনি বলেন, ‘আমি, ফাহিম ভাই এবং সিইওকে নিয়ে তাদের সঙ্গে একটি জুম মিটিং করেছি। আমি তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি, যেন আমরা বসে ডিজাইনটা কিছুটা নতুনভাবে করতে পারি। কারণ আমি যেভাবে চিন্তা করি বা আমার যে স্বপ্ন, সেটা আমি যে ডিজাইন দেখেছি তার সঙ্গে পুরোপুরি মেলে না।’ পূর্বাচলে প্রকল্পটির কাজ শুরু করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘তাই আমরা দ্রুত এই ডিজাইন নিয়ে কাজ করতে চাই এবং আশা করি পূর্বাচলে এই প্রকল্পের কাজ শুরু করতে পারবো।’ তবে পুরো প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে অনেক অর্থের প্রয়োজন হবে। এজন্য সরকারের বড় ধরনের সহযোগিতা দরকার হবে। এ নিয়ে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছি। অ্যাডহক কমিটির সময় থেকেই এই আলোচনা শুরু হয়েছিল।’ এমনকি অর্থমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তামিম বলেন, ‘এমনকি অর্থমন্ত্রীর সঙ্গে যখন আমার দেখা হয়েছিল, তখনও আমি বিষয়টি উনার সঙ্গে আলোচনা করেছি। তিনি খুব ইতিবাচক ছিলেন এবং কী করতে হবে, কিভাবে করতে হবে- সেসব বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। এখন আমরা আনুষ্ঠানিকভাবে তার কাছে আবেদন করবো।’ তামিম আরও বলেন, ‘পাশাপাশি আপনারা জানেন, এখানে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)ও জড়িত আছে। তাই এনএসসির মাধ্যমেই আমরা বিষয়গুলো এগিয়ে নেব।’ নিজের স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতিও দিয়েছেন বিসিবির নতুন সভাপতি। তিনি বলেন, ‘আবারও বলছি, এটা আমার অনেক বড় স্বপ্ন। আমি আশা করি এই স্বপ্ন পূরণ করতে পারবো। আর এটার জন্য যা যা করা দরকার, আমি সবই করবো। তবে এটাও সত্য যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের বড় ধরনের সহায়তা প্রয়োজন হবে। শুরুতে হয়তো বিসিবির অর্থায়নে কাজ শুরু করা সম্ভব, কিন্তু পুরো প্রকল্প শেষ করতে হলে সরকারের উল্লেখযোগ্য সমর্থন লাগবে।’ এসকেডি/আইএইচএস/

Go to News Site