Jagonews24
নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদ্যসের অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়। আজ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথমে পরিচালক ও পরে সভাপতি নির্বাচিত হন তামিম। অ্যাডহক কমিটি থেকে যারা নির্বাচন করেছেন সবাই বড় ব্যবধানে জয় পেয়েছেন। তবে অ্যাডহক কমিটি হওয়ার পর থেকেই নানাভাবে তাদের ট্যাগ দেওয়া হচ্ছে। এমনকি জাতীয় সংসদে এটিকে বলা হয়েছিল ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড।’ পূর্ণ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে এই ট্যাগের জবাব দিলেন তামিম ইকবাল। রোববার বিসিবির ২১তম সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। সেখানে বাপের দোয়া ক্রিকেট বোর্ড ট্যাগ নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই যে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা অবশ্যই তাদের ব্যক্তিগত মতামত। দেখি, বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না ভবিষ্যতে।’ ২০২৫ সালের মার্চে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে হৃদরোগে আক্রান্ত হন তামিম। তখন রীতিমতো মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। এরপরের বছরই বিসিবি সভাপতি। তামিম বলছেন এই স্বপ্ন তার অনেকদিন আগে থেকেই ছিল, ‘আমার পরিকল্পনা আর স্বপ্ন অনেক বছর ধরেই ছিল, এমনকি আমার খেলোয়াড়ী জীবনেও। আমি যে সভাপতি হব, বিষয়টা ঠিক সেভাবে ভাবিনি। তবে সময়ের সঙ্গে আমার মনে হয়েছে, এই জায়গায় আসতে পারলে আমি হয়তো কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারব। এখন সেই বিশ্বাসই আমাকে প্রমাণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এটা আসলে দীর্ঘ একটি প্রক্রিয়ার অংশ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে ভেবেছি এবং কাজ করেছি। গত দেড় বছর ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। আমি কী কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেটা এখানে বলতে চাই না। তবে আল্লাহ অনেক দয়ালু ছিলেন। এখন যা হয়েছে, তা নিয়ে বেশি আলোচনা করার কোনো মূল্য নেই। আমি আশা করি, যে স্বপ্ন আমি দেখেছি এবং যে কারণে গত দেড়-দুই বছর, এমনকি তারও আগে থেকে একটি যাত্রার মধ্যে ছিলাম, সেই যাত্রার লক্ষ্য এখন পূরণ করতে পারব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী চার বছরে এমন কিছু করে যেতে চাই, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকারী হবে এবং দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।’ এসকেডি/আইএইচএস/
Go to News Site