Jagonews24
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সীমান্তঘেঁষা ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর গ্রামে। যে গ্রাম দেশের নারী ফুটবলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, সেই কলসিন্দুরে এবার বিশ্বকাপের আবহ তৈরি করে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘অদম্য নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (৬ জুন) গারো পাহাড়ের পাদদেশে কলসিন্দুর মাঠে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় নারী ফুটবল একাডেমির খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা যেন একদিনের জন্য বিশ্বকাপের মঞ্চে পরিণত হয়েছিল। বিশ্ব ফুটবলের জনপ্রিয় দেশ আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির জার্সি গায়ে মাঠে নামে কলসিন্দুরের মেয়েরা। তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশ। মাঠে নেমে বিশ্বকাপের আবহ তৈরি করেন দেশের ভবিষ্যৎ নারী ফুটবলাররা। গ্রামজুড়ে ছিল দর্শকদের ভিড়, তুমুল করতালির আর উচ্ছ্বাস। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে লাল-সবুজের বাংলাদেশ দলকে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা। ফাইনালে বাংলাদেশের হয়ে স্ট্রাইকার হাসিনা ও মিডফিল্ডার পিংকি আলো ছড়ালেও আর্জেন্টিনার জার্সি পরা সাথী, জিম ও রিতিকাদের দুর্দান্ত নৈপুণ্যের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের। পুরো মাঠজুড়ে দর্শকরা উপভোগ করেন রোমাঞ্চকর ফুটবল। স্থানীয়রা জানান, নারী ফুটবলের এই ধারাবাহিক সাফল্যের কারণে কলসিন্দুর এখন শুধু একটি গ্রামের নাম নয়, এটি দেশের নারী ফুটবলের একটি ব্র্যান্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এ গ্রামকে চেনে ফুটবলের গ্রাম হিসেবে। নারী ফুটবলের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ২০২৫ সাল থেকে কলসিন্দুর নারী ফুটবল একাডেমির সঙ্গে যুক্ত হয়েছে ব্র্যাক। খেলোয়াড়দের প্রশিক্ষণ, ক্রীড়া সরঞ্জাম ও প্রতিভা বিকাশে সহযোগিতার মাধ্যমে বয়সভিত্তিক দল থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, কলসিন্দুর দেশের নারী ফুটবলের গর্ব। এখানকার মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করছে। তাদের জন্য এমন আয়োজন ভবিষ্যতে আরও বেশি খেলোয়াড় তৈরিতে অনুপ্রেরণা জোগাবে। হোসাইন সুলভ/এএইচ/এমএস
Go to News Site