Collector
খুদে ‘খালেদা’র বাবা হলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক | Collector
খুদে ‘খালেদা’র বাবা হলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক
Jagonews24

খুদে ‘খালেদা’র বাবা হলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক

একসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে প্রতীকী কারাবন্দী ‘খুদে খালেদা’ হিসেবে দেশজুড়ে আলোচিত হয়েছিল শাহ রুবাইয়া রুবাবা। সেই রুবাবার বাবা শাহ নাসির উদ্দিন রুমন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই গৌরীপুরসহ ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রাজনীতিতে দীর্ঘ পথচলার মধ্য দিয়ে উঠে আসা শাহ নাসির উদ্দিন রুমন ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তবে ২০২৩ সালের মার্চে বিএনপির তারুণ্যের রোড মার্চ কর্মসূচিতে ছোট্ট শাহ রুবাইয়া রুবাবা বেগম খালেদা জিয়ার আদলে সেজে প্রতীকী কারাবন্দী হিসেবে অংশ নেয়। সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই অনেকের কাছে রুবাবা পরিচিত হয়ে ওঠে ‘খুদে খালেদা’ নামে। রাজনৈতিক কর্মসূচিতে শুধু রুমন নন, তার স্ত্রী ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলিও দীর্ঘদিন ধরে সক্রিয়। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডে স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখা গেছে। দলীয় সূত্র জানায়, ছাত্রজীবন থেকে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন রুমন। ময়মনসিংহ থেকে ঢাকা, রাজপথ থেকে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড, নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়েছেন। ফলে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে তার পদোন্নতিকে অনেকেই দীর্ঘ রাজনৈতিক পরিশ্রমের স্বীকৃতি হিসেবে দেখছেন। গত বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পান শাহ নাসির উদ্দিন রুমন। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহ নাসির উদ্দিন রুমন বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সবাইকে অভিনন্দন জানাই। অতীতের মতোই নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাওয়াই আমার অঙ্গীকার। হোসাইন সুলভ/এএইচ/এমএস

Go to News Site