Collector
হজের পর মদিনায় নবীজির রওজায় হাজিদের সালাম | Collector
হজের পর মদিনায় নবীজির রওজায় হাজিদের সালাম
Somoy TV

হজের পর মদিনায় নবীজির রওজায় হাজিদের সালাম

মক্কার মিনা, আরাফাত আর মুজদালিফার কঠিন পরীক্ষার পাঠ চুকিয়ে হাজিদের কাফেলা এখন শান্তির নীড় মদিনা মুনাওয়ারায়। হজের পুণ্যতা বুকে নিয়ে আল্লাহর মেহমানরা এখন হাজির হয়েছেন প্রিয় রাসূলের সান্নিধ্যে। মসজিদে নববীর সবুজ গম্বুজের দিকে তাকিয়ে উম্মাহর এই ব্যাকুলতা যেন এক স্বর্গীয় আবহের সৃষ্টি করেছে।মদিনায় আসা প্রতিটি হাজিরই প্রধান লক্ষ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে উপস্থিত হয়ে সালাম পেশ করা। ‘আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ’ ধ্বনিতে সিক্ত হচ্ছে রওজার চারপাশ। দুনিয়ার সব চাওয়া-পাওয়া ভুলে, অশ্রুসজল চোখে হাজিরা এখানে নিজেদের আবেগ আর ভালোবাসার নজরানা পেশ করছেন মানবতার মুক্তিদূতের চরণে। রওজা জিয়ারতের পাশাপাশি জান্নাতুল বাকিতে শায়িত সাহাবায়ে কেরাম ও উম্মাহাতুল মুমিনীনের কবর জিয়ারত করছেন হাজিরা। সেই সাথে ওহুদ পাহাড়, মসজিদে কুবা এবং কেবলাতাইনসহ মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখছেন তারা। আরও পড়ুন: ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ সৌদি প্রশাসনের পক্ষ থেকে হাজিদের এই আগমনকে নির্বিঘ্ন করতে মসজিদে নববীর প্রতিটি প্রবেশপথে জোরদার করা হয়েছে বিশেষ শৃঙ্খলা ও সেবামূলক ব্যবস্থা। হজ শেষে মদিনার এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশ হাজিদের ক্লান্ত মনে এনে দিয়েছে পরম প্রশান্তি। প্রিয় নবীজির রওজায় সালাম পৌঁছে দিতে পেরে নিজেদের জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি হিসেবে দেখছেন আল্লাহর মেহমানরা। এখান থেকেই আধ্যাত্মিক শক্তি আর ইসলামের চিরন্তন শিক্ষা বুকে নিয়ে নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিশ্ব মুসলিম। অনেকে আবার এরই মধ্যে ফিরে এসেছেন নিজ দেশে।

Go to News Site