Somoy TV
ইসরাইল ও ইরানকে অবিলম্বে একে অপরের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, ‘ইসরাইল ও ইরানকে অবিলম্বে গুলি ও হামলা বন্ধ করতে হবে।’ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনার পর ট্রাম্পের এই মন্তব্য আসে। এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল ও ইরানের হামলা পাল্টা হামলা তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তবে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। যার মধ্যে লেবাননও অন্তর্ভূক্ত ছিল। কিন্তু ইসরাইল তা মানবে না বলে ঘোষণা দেয় এবং দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রাখে। গত সপ্তাহে ইসরাইল লেবাননের বৈরুতে হামলার হুমকি দিলে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, বৈরুতে হামলা হলে তারা ‘চুপ থাকবে না’। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, বৈরুতের ওপর যেকোনো হামলা পুরো অঞ্চলে নতুন করে সংঘাত উসকে দিতে পারে এবং ফের ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হতে পারে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিতে ট্রাম্পও ইসরাইলকে লেবাননে হামলা বন্ধ রাখার আহ্বান জানান। এমনকি লেবাননে হামলা অব্যাহত রাখায় গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি ক্ষোভও প্রকাশ করেন। আরও পড়ুন: ইরান যুদ্ধে জড়িত মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প এরপরও গত রোববার (৬ জুন) ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বিমান হামলা চালায়। ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পর সংঘাত আরও বিপজ্জনক মোড় নেয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে এদিন রাতেই উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাকে দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের সরাসরি সামরিক সংঘর্ষ। তারপর আজ সোমবার (৮ জুন) সকালে ইরানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। রাজধানী তেহরান, তাবরিজ ও ইসপাহানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। তৎক্ষণাৎ পাল্টা হামলা চালায় ইরান। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান তাদের ভূখণ্ডের দিকে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইল ও ইরানের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে ফের একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে এই পরিস্থিতিতে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ফোনে ফাইনানশিয়াল টাইমসকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘তার (নেতানিয়াহুর) কোনো উপায় নেই। আমি সব সিদ্ধান্ত নিই। তিনি নেন না।’ ফক্স নিউজকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরানে যাতে পাল্টা হামলা না-চালানো হয়, নেতানিয়াহুকে সেই নির্দেশ দিয়েছেন তিনি। আরও পড়ুন: ট্রাম্পকে উপেক্ষা করে ইরানে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে উত্তেজনা! নতুন সংঘাতের কোনও প্রভাব যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতার চুক্তির ওপর পড়বে না বলেও মনে করেন ট্রাম্প। তার কথায়, ‘কীভাবে এই সংঘাত শেষ হয়, দেখা যাক। তবে চুক্তিতে এটা কোনো প্রভাব ফেলবে না। ইসরাইলে ইরান যে হামলা চালিয়েছে, তা তেমন জোরালো নয়। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বছরের পর বছর ধরেই এমন হামলা চলে আসছে।’ ইরানের সঙ্গে খুব ভাল একটা চুক্তি হতে চলেছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অ্যাক্সিওস এক প্রতিবেদনে বলেছে, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে আরও হামলা থেকে বিরত থাকতে বলেন। তার ভাষায়, ‘আমরা একটি ভালো চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
Go to News Site