Somoy TV
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ থেকে এক বাংলাদেশিকে অবৈধভাবে ট্যাক্সি সেবা দেয়ার অভিযোগে রোববার (৭ জুন) এক স্থানীয় ব্যক্তিকে গ্রেফতার করেছে সেলাঙ্গর সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নজরদারি চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় অপরাধে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই চালক বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে টিবিএস বাস টার্মিনালে পৌঁছে দেয়ার জন্য ১৩০ রিঙ্গিত ভাড়া দাবি করেছিলেন, যা গন্তব্যে পৌঁছানোর পর পরিশোধ করার কথা ছিল। সোমবার (৮ জুন) সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) সেলাঙ্গর অঞ্চলের উপ-পরিচালক আহমদ কামারুজ্জামান মেহাত জানান, ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্ট ২০১০ এর ধারা ২০৫(১) অনুযায়ী এই ধরনের অবৈধ পরিবহন সেবা দেয়া দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা, পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। আরও পড়ুন: বেতন না পেয়ে ভিন্ন পেশায় গিয়ে বিপাকে, মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ৩০ একই সাথে, এ ধরনের অবৈধ কার্যকলাপের সাথে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সহায়তাকারী হিসেবে প্রমাণিত হলে, উক্ত আইনের ২৪৩(১) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধেও সমভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর জেপিজে-এর পক্ষ থেকে সাধারণ যাত্রী ও বিদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে কেএলআইএ টার্মিনাল ১ এবং ২-এ অবস্থিত অনুমোদিত কাউন্টার অথবা নির্ভরযোগ্য ই-হেইলিং অ্যাপের মাধ্যমে বৈধ পরিবহন সেবা নেয়ার পরামর্শ দিয়েছে।
Go to News Site