Somoy TV
বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারানোর পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, এই ম্যাচ তার 'অনেক সন্দেহ দূর করেছে'। খেলোয়াড়দের শারীরিক অবস্থায় সন্তুষ্ট এই ট্যাকটিশিয়ান আরও জানান, চোটগ্রস্ত লিওনার্দো বালের্দির পরিবর্তে ২৬ সদস্যের চূড়ান্ত দলে কাকে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে তিনি আরও 'এক বা দুই দিন সময়' নেবেন।আলাবামায় দলের দাপুটে জয়ের পর স্ক্যালোনি বলেন, 'আমি কি বলেছিলাম কাল সিদ্ধান্ত নেব? হয়তো আরও একদিন সময় নেব। গতকালও বলেছিলাম, আমাদের একটা ধারণা আছে, কিন্তু আমরা আলোচনা করছি এবং হয়তো আরও এক-দুই দিন অপেক্ষা করব। আজকের পরীক্ষা আমাকে সন্তুষ্ট করেছে এবং দলের কী প্রয়োজন হতে পারে, সে বিষয়ে অনেক সন্দেহ দূর করেছে।'ফলে বালের্দির বিকল্প নিয়ে অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হচ্ছে। কারণ বিশ্বকাপের আগে চোট নিয়ে যুক্তরাষ্ট্রে আসা বেশ কয়েকজন খেলোয়াড় এখন অনেক ভালো শারীরিক অবস্থার প্রমাণ দিয়েছেন।স্ক্যালোনি খুব বেশি বিস্তারিত না বললেও ইঙ্গিত দিয়েছেন যে বালের্দির পরিবর্তে তিনি 'দুটি বিকল্প' বিবেচনা করছেন। টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, মিডফিল্ডার গুইদো রদ্রিগেস এখনও এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। আরও পড়ুন: শিরোপা নির্ধারণী গোলটি কীভাবে করবেন, প্রতিদিন কল্পনা করেন এই ব্রাজিলিয়ানএকজন ডিফেন্ডারের পরিবর্তে মিডফিল্ডার নেওয়ার সম্ভাবনা থাকলেও স্ক্যালোনি বিশেষভাবে প্রশংসা করেছেন নিকো পাজের। চোটের কারণে যাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, সেই তরুণ ফুটবলার আইসল্যান্ডের বিপক্ষে নিজের ফিটনেস প্রমাণ করেছেন। একই সঙ্গে এই কোচ পরিষ্কার করে দিয়েছেন যে মৌসুমের শেষে বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় চোট পাওয়া লিয়ান্দ্রো পারেদেসকে দল থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই।নিকো পাজ সম্পর্কে স্কালোনি বলেন, 'আমি ওকে খুব স্বস্তিতে দেখেছি। আমরা জানতাম সে দলে ফিরতে মুখিয়ে ছিল। আগেই পরিকল্পনা ছিল যে সে প্রথম ম্যাচ খেলবে না, যদিও তার খেলার সুযোগ ছিল। আজ সে প্রমাণ করেছে যে সে দুর্দান্ত ফর্মে আছে এবং সবসময়ের মতোই নিজের মানের ফুটবল খেলেছে। আমরা খুব খুশি, কারণ সে দারুণ একটি ম্যাচ খেলেছে এবং আমাদের সামনে নতুন একটি বিকল্প তৈরি করেছে।'অন্যদিকে পারেদেসকে নিয়ে তিনি বলেন, 'লিয়ান্দ্রোর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। সে ভালো আছে এবং আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করাতে চাই না। এই সপ্তাহান্তেই সে দলের সঙ্গে পুরোপুরি যোগ দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে।' আরও পড়ুন: বিশ্বকাপের আগে শেষ ম্যাচে কেমন খেললেন মেসিস্কালোনি আরও জানান, চোট নিয়ে আসা আরেক খেলোয়াড় গনসালো মন্তিয়েলও এখন ভালো অবস্থায় আছেন। তিনি বলেন, 'আমরা ওকে খুব ভালো অবস্থায় দেখেছি। সে আরও খেলতে চেয়েছিল, এমনকি প্রথম ম্যাচেও খেলতে চেয়েছিল। কিন্তু আমরা ধীরে ধীরে এগোচ্ছি। সে সবসময় দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। আমরা জানি, যখনই তাকে প্রয়োজন হবে, সে প্রস্তুত থাকবে।'সবশেষে স্কালোনি স্পষ্ট করে দেন যে যুক্তরাষ্ট্রে তার দল পৌঁছানোর সময় এবং এখনকার পরিস্থিতির মধ্যে বড় পার্থক্য তৈরি হয়েছে। তিনি বলেন, 'আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দল দেখিয়েছে যে তারা ফিট এবং সুস্থ। কয়েক দিন আগে আমরা যতটা উদ্বিগ্ন ছিলাম, এখন ততটাই শান্ত। কারণ অনেক খেলোয়াড় প্রমাণ করেছে যে তারা বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত।'
Go to News Site