Somoy TV
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি এবং প্রখ্যাত তামিল পরিচালক ভারতীরাজা আর নেই। ৮৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন সিনেমা জগতের গুণী এ ব্যক্তিত্ব।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১০ জুন) ভারতের চেন্নাইতে নিজ বাসভবনে ভারতীরাজা শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র মহলে। পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন ভারতীরাজা। ২০২৫ সালের মার্চ মাসে তার ছেলে, অভিনেতা ও পরিচালক মনোজ বাহারাথিরাজার আকস্মিক মৃত্যু গভীরভাবে আঘাত করে ভারতীরাজাকে। পুত্রশোকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছিলো। অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৯৪১ সালের ১৭ জুলাই তামিলনাড়ুর থেনি জেলার অল্লিনাগারামে জন্মগ্রহণ করেন ভারতীরাজা। তার আসল নাম ছিল চিন্নাসামি পেরিয়ামায়া থেভর। ১৯৭৭ সালে ‘১৬ ভায়াথিনিল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমাই তামিল সিনেমার ভাষা ও গল্প বলার ধরণ বদলে দেয়। শহরকেন্দ্রিক গল্পের বাইরে গ্রামীণ জীবন, সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রেম, সংগ্রাম এবং বাস্তবতাকে বড় পর্দায় তুলে এনে তিনি নতুন ধারার সূচনা করেছিলেন। ভারতীরাজার হাত ধরেই তামিল সিনেমায় একাধিক অভিনেতা ও অভিনেত্রীর উত্থান ঘটে। তার ছবিতে গ্রামবাংলার আবহ, মানবিক সম্পর্ক এবং আবেগঘন গল্প দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়। আরও পড়ুন: কাঁদলেন সালমান খান দীর্ঘ কর্মজীবনে তিনি ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০০৪ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ প্রদান করে। চলচ্চিত্র জগতে তার বিশাল অবদানের জন্য তাকে ‘ইয়াক্কুনার ইমায়াম’ বা ‘পরিচালকদের মধ্যে শিখর’ উপাধিতে ভূষিত করা হয়। শুধু পরিচালক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও দর্শকদের মুগ্ধ করেছেন ভারতীরাজা। সম্প্রতি ‘থিরুচিটরাম্বালাম’, ‘মহারাজা’সহ বেশ কয়েকটি সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয় দর্শক ও সমালোচকমহলে। আরও পড়ুন: কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারের
Go to News Site