Jagonews24
ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের গুপ্তচরবৃত্তিকে চরম হুমকি হিসেবে দেখছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। শনিবার মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পেন্টাগন ইসরায়েলের জন্য তাদের পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। খবর এএফপির। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) বলেছে যে, ইসরায়েলের মানব গুপ্তচরবৃত্তি এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহের ক্ষমতা একটি ‘সংকটজনক পর্যায়ে’ রয়েছে। মার্কিন নেটওয়ার্কটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে তথ্য পেতে ইসরায়েল শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ওপর গুপ্তচরবৃত্তি করার চেষ্টা করছে—এমন উদ্বেগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিউইয়র্ক টাইমস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ আলোচক স্টিভ উইটকফ এবং পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক এলব্রিজ কোলবিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর ইসরায়েলি গুপ্তচরবৃত্তির বিষয়ে তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায়। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্কের টানাপড়েন দেখা যাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে অ্যাক্সিওস সংবাদমাধ্যম এবং এবিসি নিউজ জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলায় ইসরায়েলি হুমকির জেরে ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে বেশ গালাগাল করেছেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আশঙ্কা করছেন যে, এই হুমকি তেহরানের সঙ্গে আলোচনাকে ব্যাহত করবে। টিটিএন
Go to News Site