Collector
সাংবাদিক শাকিল-রুপা দম্পতির হাইকোর্টের জামিন চেম্বারে স্থগিত | Collector
সাংবাদিক শাকিল-রুপা দম্পতির হাইকোর্টের জামিন চেম্বারে স্থগিত
Jagonews24

সাংবাদিক শাকিল-রুপা দম্পতির হাইকোর্টের জামিন চেম্বারে স্থগিত

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা দম্পতিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাদের জামিন বিষয়ে রুল হাইকোর্টকে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৭ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।  এর আগে, সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়। এ-সংক্রান্ত বিষয়ে আজ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় শুনানি হয়। গত ১১ মে সাংবাদিক শাকিল আহমেদকে পাঁচটি মামলায় এবং তার স্ত্রী ফারজানা রুপাকে ছয়টি মামলায় জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় টেলিভিশন কর্তৃপক্ষ। পুলিশ ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুজনকে আটক করে। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্যারিস যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন।  এফএইচ/একিউএফ

Go to News Site