Collector
পুঁজিবাজার সংস্কার ও ডিজিটাইজেশনের আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের | Collector
পুঁজিবাজার সংস্কার ও ডিজিটাইজেশনের আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের
Jagonews24

পুঁজিবাজার সংস্কার ও ডিজিটাইজেশনের আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর, গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে কমিশন একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে সহজ, স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলাই হবে কমিশনের প্রধান লক্ষ্য। রোববার (৭ জুন) বিএসইসি কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত চেয়ারম্যান ও তিন কমিশনারকে অভিনন্দন জানাতে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা বিএসইসি কার্যালয়ে যান। বৈঠকে মাসুদ খান বলেন, সম্প্রতি প্রণীত আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পুঁজিবাজারের কার্যক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাইজেশন নিশ্চিত করা এবং আইপিও প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, বাজারের সব অংশীজনের সহযোগিতায় স্বচ্ছ, জবাবদিহিমূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে কমিশন কাজ করবে। আরও পড়ুন আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নে আসছে বন্ডভিত্তিক ব্যবস্থা: গভর্নর বৈঠকে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে কাঙ্ক্ষিত ও মৌলিক সংস্কার বাস্তবায়নে ডিএসই বোর্ড ও ব্যবস্থাপনা সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি আইপিও মূল্যায়ন ও বাজার তদারকিতে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকিভিত্তিক (রিস্ক-বেইজড) নিয়ন্ত্রক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। ডিএসই পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির বলেন, পুঁজিবাজারের কার্যকর উন্নয়নের জন্য বিএসইসি ও ডিএসইর মধ্যে দায়িত্ব ও কর্তৃত্বের স্পষ্ট বিভাজন এবং কার্যকর সমন্বয় প্রয়োজন। অপর পরিচালক স্নেহাশীষ বড়ুয়া বলেন, আইপিও ও রাইটস ইস্যু প্রক্রিয়ায় অধিকতর জবাবদিহি, দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত করতে হবে। সংস্থার আরেক পরিচালক রিচার্ড ডি রোজারিও শেয়ার ক্যাটাগরি ব্যবস্থার পুনর্মূল্যায়ন, আধুনিক সেটেলমেন্ট ব্যবস্থা চালু ও ডিলিস্টিং প্রক্রিয়া কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন। পরিচালক মিনহাজ মান্নান ইমন ব্রোকারেজ খাতের অনিয়ম প্রতিরোধ ও আইপিও প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় স্টক এক্সচেঞ্জের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান। বৈঠকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানান, স্ক্রিপ্ট নেটিং ও টি+১ সেটেলমেন্ট ব্যবস্থা চালুর লক্ষ্যে ডিএসই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এমএএস/একিউএফ

Go to News Site