Jagonews24
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি বিশেষ বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পৌঁছে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। রোববার (৭ জুন) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে তেহরানে অনুষ্ঠিত বৈঠকে এই বার্তা হস্তান্তর করা হয়। বৈঠকে উভয় পক্ষ তেহরান-ইসলামাবাদ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। ইসলামাবাদের চলমান মধ্যস্থতা উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (৫ জুন) তেহরানে পৌঁছান। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এরই মধ্যে একাধিক বৈঠক করছেন নাকভি। রোববারের বৈঠকে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি আগ্রাসন বন্ধে পরিচালিত কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ অগ্রগতি নিয়েও তারা মতবিনিময় করেন। এর আগে শনিবার (৫ জুন) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমোনির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মোমেনি জানান, নাকভির সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা। এর মধ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার করা, মাদক পাচার প্রতিরোধ এবং সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। তিনি আরও জানান, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশ গুরুত্বপূর্ণ কিছু সমঝোতায় পৌঁছেছে। ইরানের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৪০ দিনের যুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ হাজার ৩৭৫ জন ইরানি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন। কেএম
Go to News Site