Jagonews24
বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনায় সভায় তামাকের পক্ষে কথা বলে তোপের মুখে পড়েছেন রাজবাড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. হোসেন শহীদ সরোওয়ার্দী। রোববার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব তামাক মুক্ত দিবসের র্যালি শেষে আলোচনা সভায় তার বক্তব্যে তিনি তামাকের পক্ষে বলেন। এ সময় তাৎক্ষণিক প্রতিবাদ জানান জেলা প্রশাসকসহ সভায় উপস্থিত অন্যরা। বক্তব্যে তিনি বলেন, মাঝে মাঝে উদ্দেশ্য পরিবর্তন করতে হয়, কারণ মনমানসিকতা সব সময় একরম থাকবে না। এবং প্রত্যেকটি মানুষের ভালো ও খারাপ দিক আছে। বিষয়টি যে যেভাবে নেয়। তবে অন্য জেলার তুলনায় রাজবাড়ীতে তামাক চাষ কম হয়। মূলত অল্প কিছু জমি যেগুলো খুব বেশি কাজে লাগে না এরকম জমিতে মানুষ তামাক চাষ করে। কিন্তু আমরা মূল জায়গায় যাই না। আসলে তামাকে কোনো পোকা লাগে না, কিন্তু অন্য ফসলে পোকা লাগে। ফলে প্রচুর পরিমানে কিটনাষক ব্যবহার করতে হয়। এর ফলে কি ক্ষতি হয় আমরা কি জানি। কিন্তু তামাকে পোকার উপদ্রব হয় না। এখন আপনারা কীটনাষকের ব্যবহার নিয়ে কথা বলছেন না, বলছেন তামাক নিয়ে। রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের এ সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সবাইকে সচেতন করা হচ্ছে, কেউ যেন তামাক জাতীয় পণ্য ব্যবহার না করে। তামাক জাতীয় পণ্য ব্যবহার করে কেউ উপকৃত হয়েছে এমন নজির নেই। কিন্তু ক্ষতি হয়েছে এমন হাজারও উদাহরণ আছে। সরকারের উদ্দেশ্য ধুমপান ও তামাক জাতীয় পণ্যের ব্যবহার বন্ধ করা। আমরা সেটি নিয়েই কাজ করছি। রুবেলুর রহমান/এএইচ/এমএস
Go to News Site