Jagonews24
ময়মনসিংহের নান্দাইলে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা চারদিন পর প্রত্যাহার করা হয়েছে। দুই পক্ষের সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে। রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। এর আগে গত ৪ জুন খারুয়া ও নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত খারুয়া বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন। ফলে চারদিন ধরে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। কেবল দুই-তিনটি ওষুধের দোকান সীমিত আকারে খোলা ছিল। সংঘর্ষের ঘটনায় নান্দাইল মডেল থানার পুলিশ বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখসহ প্রায় ৫০০ অজ্ঞাতকে আসামি করে মামলা করেছে। গ্রেফতারের আশঙ্কায় অভিযুক্তদের অনেকেই এলাকা ছেড়েছেন। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত জাগো নিউজকে বলেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। হোসাইন সুলভ/এএইচ/এমএস
Go to News Site