Somoy TV
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান (৬৭) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার বড় বোন রাশিদা বেগমও।রোববার (৭ জুন) দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু হয়। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা এলাকার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার একাধারে চারবারের মেয়র ছিলেন। এ ছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের ছোট ভাই মো. হাফিজুর রহমান বলেন, ‘তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন। কয়েক দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। আজ দুপুরের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।’আরও পড়ুন: তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাবহাফিজুর রহমান আরও জানান, মেয়রের মৃত্যুর খবরটি গ্রামের বাড়িতে পৌঁছালে তার বড় বোন রাশিদা বেগম তীব্র শোকে স্ট্রোক করেন (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়)। তাৎক্ষণিকভাবে তাকেও মৃত ঘোষণা করা হয়। ভাইয়ের মৃত্যুর পরপরই বোনের এমন চলে যাওয়ায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।নিহত মেয়রের স্বজন জাহিদুল আলম রবিন জানান, হাসপাতাল থেকে আগামীকাল সোমবার সকাল ১০টা বা সাড়ে ১০টার মধ্যে আনিছুর রহমানের মরদেহ শ্রীপুরের গ্রামের বাড়িতে আনা হবে। এরপর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Go to News Site