Collector
বেতন না পেয়ে ভিন্ন পেশায় গিয়ে বিপাকে, মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ৩০ | Collector
বেতন না পেয়ে ভিন্ন পেশায় গিয়ে বিপাকে, মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ৩০
Somoy TV

বেতন না পেয়ে ভিন্ন পেশায় গিয়ে বিপাকে, মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ৩০

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী ব্যবসায়ীদের ৩টি প্রধান আস্তানায় যৌথ অভিযানে ১৯ বাংলাদেশিসহ ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।রোববার (৭ জুন) কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে এবং অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএন) ও মালয়েশিয়া কোম্পানি কমিশন (এসএসএম)-সহ বেশ কয়েকটি সংস্থার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ এই অভিযানের মূল লক্ষ্য ছিল কুয়ালালামপুরের মালুরী, পানতাই ডালাম এবং সেগামবুট ডালাম এলাকা। মূলত যেসব বিদেশি নাগরিক তাদের ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘন করে অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ড বা অননুমোদিত কাজে সম্পৃক্ত ছিলেন, তাদের দমন করতেই এই যৌথ উদ্যোগ নেয়া হয়। দুপুর পৌনে ১টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে টানা সাড়ে চার ঘণ্টা। অভিযানে মুদি দোকান, সেলুন, খাবারের দোকান ও রেস্তোরাঁসহ মোট ১৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। যাচাই-বাছাই করা ৪৩ জন ব্যক্তির মধ্যে ৩০ জনকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের দায়ে আটক করা হয়, যার মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। আরও পড়ুন: ব্যবসায়িক দ্বন্দ্বে মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে মারধর, গ্রেফতার ৫ আটকদের মধ্যে ১৯ জন বাংলাদেশি, ৫ জন ইন্দোনেশীয়, ৩ জন ভারতীয় এবং পাকিস্তান ও মিয়ানমারের ১ জন করে নাগরিক রয়েছেন। আটকদের অনেকেই নির্মাণ খাতের পারমিট নিয়ে এসে মুদি দোকান বা রেস্তোরাঁয় কাজ করছিলেন। জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, নির্মাণ খাতে কাজ না থাকা, নিয়োগকর্তা বেতন না দেয়া এবং এজেন্টদের প্রতারণার শিকার হয়ে বাধ্য হয়ে তারা এসব পেশা বেছে নিয়েছেন। অভিযান শেষে আটক সকল অবৈধ অভিবাসীকে পরবর্তী আইনি পদক্ষেপ ও জিজ্ঞাসাবাদের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইনের ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১)(সি) অনুযায়ী তদন্ত করা হচ্ছে। এছাড়া, স্থানীয় নিয়োগকর্তা ও দোকান মালিকদের বয়ান রেকর্ড করার জন্য ইমিগ্রেশন বিভাগ থেকে ৬টি ‘ফরম ২৯’ নোটিশ জারি করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়িক অনিয়মের কারণে কোম্পানি কমিশন ১৫টি নোটিশ এবং অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয় মূল্য তালিকা ও ওজন পরিমাপক যন্ত্রের ত্রুটির দায়ে ১০টি জরিমানা ইস্যু করেছে।

Go to News Site