Somoy TV
সৌদি আরবের মদিনায় মসজিদে কুবার ঠিক পাশেই অবস্থিত একটি ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত স্থান হলো 'বীরে আরিস' বা 'বীরে খাতাম'। ইসলামি ইতিহাসে এই কূপটির সাথে জড়িয়ে আছে নবী কারিম (সা.) এবং তাঁর তিন প্রধান খলিফার অনন্য স্মৃতি।নবীজির (সা.) স্মৃতি ও জান্নাতের সুসংবাদ নবী কারিম (সা.) যখন কুবায় অবস্থান করতেন, তখন তিনি এই কূপের নিকটে এসে পা ঝুলিয়ে বসে থাকতেন। একদিন নবীজি (সা.) ঠিক সেভাবেই পা ঝুলিয়ে বসেছিলেন। তখন সেখানে পর্যায়ক্রমে হযরত আবু বকর সিদ্দিক (রা.), হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) এবং হযরত ওসমান ইবনে আফফান (রা.) উপস্থিত হন। এই কূপের কাছেই নবীজি (সা.) এই তিনজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। 'বীরে আরিস' নামকরণের ইতিহাস পূর্বে এই কূপটির নাম ছিল 'বীরে আরিস'। 'আরিস' শব্দের অর্থ হচ্ছে কৃষক বা কৃষিকাজ। কুবা এবং এর আশেপাশের এলাকার মানুষ এই কূপ থেকে পানি উত্তোলন করে তা কৃষিকাজে ব্যবহার করতেন, আর সেই কারণেই কূপটি 'বীরে আরিস' নামে পরিচিত ছিল। যেভাবে নাম হলো 'বীরে খাতাম' পরবর্তীতে একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে এই কূপের নাম পরিবর্তিত হয়ে 'বীরে খাতাম' বা আংটির কূপ হিসেবে প্রসিদ্ধি লাভ করে। নবী কারিম (সা.)-এর একটি আংটি ছিল, যার মধ্যে মুহাম্মদ রাসুলুল্লাহ (সা.) খোদাই করে লেখা ছিল। নবীজির (সা.) ওফাতের পর আংটিটি প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর কাছে এবং তাঁর ইন্তেকালের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর কাছে যায়। আরও পড়ুন: ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ ওমর (রা.)-এর পর খলিফা নির্বাচিত হয়ে আংটিটি লাভ করেন হযরত ওসমান ইবনে আফফান (রা.)। তিনি নবীজির (সা.) স্মৃতিকে স্মরণ করতে অনেক সময় এই কূপটির কাছে এসে অবস্থান করতেন। একদিন সেখানে বসে থাকা অবস্থায় তাঁর হাত থেকে নবীজির (সা.) সেই পবিত্র আংটিটি ফসকে কূপের মধ্যে পড়ে যায়। আংটিটি উদ্ধারের জন্য টানা তিনদিন ধরে কূপের সম্পূর্ণ পানি সেঁচে ফেলে তল্লাশি চালানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আংটিটি আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই কূপটির নাম হয়ে যায় 'বীরে খাতাম'। বর্তমান অবস্থা ইতিহাস ও আবেগের সাক্ষী এই স্থানটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত প্রসিদ্ধ ও তাৎপর্যপূর্ণ। বর্তমানে হজ ও ওমরাহ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে কুবায় দুই রাকাত নামাজ আদায়ের পর ঐতিহাসিক এই বীরে খাতাম বা বীরে আরিস দেখতে আসেন এবং সেখানে দোয়ায় লিপ্ত থাকেন।
Go to News Site