Somoy TV
মাদারীপুরে পাটের গোডাউনের ভেতর মাদক সেবনে বাধা দেওয়ায় একটি কার্যালয়ে (অফিস) আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আগুনে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটারসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীর।রোববার (৭ জুন) মধ্যরাতে মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়া বন্দরে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, চরমুগরিয়া বন্দরে দীর্ঘদিন ধরে পাটের ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয় বাসিন্দা লস্কর মোশতাক আহমেদ। বেশ কিছুদিন ধরে ওই পাটের গোডাউনের ভেতরে প্রবেশ করে এলাকার কিছু বখাটে যুবক মাদক সেবন করে আসছিল। এতে গোডাউনের মালিকপক্ষের লোকজন বাধা দেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রোববার মধ্যরাতে পাটের গোডাউনের অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই অফিসের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।আরও পড়ুন: বাগেরহাটে আগুনে পুড়ল ৫ দোকানভুক্তভোগী পাট ব্যবসায়ী লস্কর মোশতাক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, 'মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবনকারীরা পরিকল্পিতভাবে আমার পাটের গোডাউনের অফিসে আগুন দিয়েছে। আগুনে আমার ব্যবসার প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'আগুনের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
Go to News Site