Collector
Giriş Yap
ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ | Collector
ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (৯ জুন) দুপুরে জবি ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘শিক্ষা, ঐক্য, প্রগতি, ছাত্রদলের মূলনীতি’, ‘সন্ত্রাসীদের আস্তানা, জগন্নাথে হবে না’ এবং ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সুমন সরদার অভিযোগ করে বলেন, একটি মহল ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। তিনি আরও বলেন, শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার কোনো অপচেষ্টা করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা কঠোর হাতে প্রতিহত করবে। এই বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, সহিংসতা ও দখলদারত্বের রাজনীতির কোনো স্থান নেই। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকারও আহ্বান জানান। কর্মসূচিতে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান ও প্রতীক হোড় উপস্থিত ছিলেন। এছাড়াও, আহ্বায়ক কমিটির সদস্য মিঠু আলী, মাসফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, সাইফুল ইসলাম, নিয়ন, রিয়াদ, নাইম, সাদিক, আহাদ, মুগ্ধ, আশরাফুল, মিথীল, সৌরভ, আকরাম, ফয়সাল, মুশফিক, সাকিব ও আসিফসহ শাখার নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। টিএইচকিউ/এএমএ

Go to News Site