Jagonews24
চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পংকজ শীল (২৬) ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী (৩০) মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চক্রশালা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন পংকজ শীল ও তিলক চক্রবর্তী। একপর্যায়ে সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ শীলের মৃত্যু হয়। আহত তিলক চক্রবর্তী চিকিৎসাধীন। কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারীর একটি দল এলাকায় প্রবেশ করে। তাদের সামনে পড়ে যাওয়ায় দুই যুবকের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, গ্রামবাসী দীর্ঘদিন ধরে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছেন। এ ঘটনার পর স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বোরকা পরিহিত সন্দেহভাজন এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবিদুর ইসলাম (৩৫) পুলিশকে জানিয়েছেন, ছিনতাইকারী দলের সঙ্গে একজন নারীও ছিলেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিলেন। তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। এমআরএএইচ/ইএ
Go to News Site