Jagonews24
হরমুজ প্রণালির বন্দর ও দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনের পাশাপাশি জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। আইরজিসি জানায়, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা এবং জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে কুয়েতও জানিয়েছে, দেশটিও হামলার মুখে পড়েছে। কুয়েতের কর্তৃপক্ষের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের আকাশপথে আসা লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে এই উত্তেজনা এমন এক সময়ে দেখা দিল, যখন মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ইরানের দাবি অনুযায়ী, সাম্প্রতিক হামলাগুলো যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সরাসরি জবাব। তবে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। সূত্র: আল-জাজিরা এমএসএম
Go to News Site