Collector
কখন থেকে বিসিবি সভাপতি হওয়ার স্বপ্ন দেখতেন? জানালেন তামিম | Collector
কখন থেকে বিসিবি সভাপতি হওয়ার স্বপ্ন দেখতেন? জানালেন তামিম
Jagonews24

কখন থেকে বিসিবি সভাপতি হওয়ার স্বপ্ন দেখতেন? জানালেন তামিম

তিনি সভাপতি হতে পারেন- ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল অধ্যায়ের সমাপ্তির পর থেকেই এমন আলোচনা চলছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনা আরও জোরালো হয়। বিসিবি নির্বাচনের আগে সেভাবে কোনো প্যানেল তৈরি না হলেও হাবভাবেই বোঝা যাচ্ছিল, বিসিবি সভাপতি হিসেবে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তামিম ইকবাল খানই হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। শেষ পর্যন্ত তাই হলো। বিসিবির ২১তম সভাপতি হলেন সাবেক এই অধিনায়ক। ঢাকার ক্লাব ক্যাটাগরি-২ থেকে ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে নির্বাচন করেন তামিম ইকবাল। আজ ৭ জুন বিসিবি পরিচালক পর্ষদের নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ৭৬ ভোটের মধ্যে সর্বাধিক ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরবর্তীতে বিসিবি প্রধান হতেও তাকে কোনো বাধার মুখে পড়তে হয়নি। তামিম ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলেন বিসিবির ২১তম সভাপতি। তার বিপক্ষে সভাপতি পদে বাকি ২৪ পরিচালকের (ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন, ক্যাটাগরি-৩ থেকে ১ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ২ জন) কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। পরিচালক পর্ষদের নির্বাচন শেষে তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন। আর ফাহিম সিনহা হয়েছেন সহ-সভাপতি। উল্লেখ্য, ফাহিম সিনহা আবাহনীর কাউন্সিলর হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আরও পড়ুন বিসিবি নির্বাচন / সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হারলেন পাপ্পু-আমজাদরা এনএসসি কোটায় ২ পরিচালক / ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ‘দেখি, বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না’   বিসিবির গঠনতন্ত্রে দুইজন সহ-সভাপতি নিয়োগের বিধান থাকলেও সভাপতি হওয়ার পর সংবাদ সম্মেলনে তামিম জানান, প্রথম সভাতেই একজনকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এবং সেটি সব পরিচালকের মতামতের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে আরও একজন সহ-সভাপতি নিয়োগের সম্ভাবনা রয়েছে। সেটি পরে বোর্ড পরিচালকরা মিলে সিদ্ধান্ত নেবেন। নির্বাচিত হওয়ার পর রোববার সন্ধ্যায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি জানান, কবে থেকে তিনি বিসিবি সভাপতি হওয়ার স্বপ্ন দেখতেন? তামিম জানান, তিনি মনে মনে বিসিবি সভাপতি হওয়ার স্বপ্ন দেখতেন আগে থেকেই। এমনকি খেলোয়াড়ি জীবনেও, অর্থাৎ খেলোয়াড় থাকা অবস্থাতেও তার স্বপ্ন ছিল বোর্ড প্রধান হওয়ার। তাই রোববার সন্ধ্যায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আবেগমাখা কণ্ঠে তামিম বলেন, ‘দেখেন, আমার অনেক বছর ধরেই স্বপ্ন ছিল। এমনকি আমার প্লেয়িং ডে’জেও এমনটা ভাবতাম। আমি হয়তো প্রেসিডেন্ট হব- এভাবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয়েছে, হয়তো আমি সভাপতি হলে এই জায়গায় একটা পরিবর্তন আনতে পারব।’ তামিম স্বীকার করেছেন, সভাপতি হওয়ার স্বপ্ন পূরণ হলেও এখন বিসিবি প্রধান হিসেবে তাকে নিজেকে প্রমাণ করতে হবে। তাই তার মুখে এমন কথা, ‘যেটা আমাকে এখন প্রমাণ করতে হবে। এটা একটা প্রসেসের মধ্যেই ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই জিনিসটা নিয়ে কাজ করেছি। গত দেড় বছর ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। আমি নিজের মুখে আর বললাম না, কী কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু তারপরও আল্লাহ অত্যন্ত সহায় ছিলেন। এখন যা হয়েছে, তা নিয়ে যত বেশি আলোচনা করব, এর কোনো মূল্য নেই। আমি আশা করি, যে স্বপ্ন আমি দেখেছি, যে কারণে গত দেড়-দুই বছর বা তারও আগে থেকে একটা যাত্রায় ছিলাম, সেই যাত্রাটা এখন পূরণ করতে পারব। এটাই সবচেয়ে বড় কথা। চার বছরের যে দায়িত্ব আছে, এই চার বছরে এমন কিছু করে যেতে পারি, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকারী হবে।’ বিসিবি সভাপতি হওয়ার অনুভূতি জানতে চাইলে তামিম বলেন, ‘ফিলিংসটা এমন না যে আমি এখন বড় কিছু হয়ে গেছি। আমার কাছে মনে হয়, এটা বিশাল দায়িত্ব। আর যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে এসব নিয়ে অনেক কথা বলেছি- আমি এটা করতে চাই, ওটা করতে চাই- এখনই সেই সময়, যেখানে আমাকে সবার কাছে নিজেকে প্রমাণ করতে হবে। এটা একটা দায়িত্ব।’ এআরবি/আইএইচএস

Go to News Site