Jagonews24
সুন্দরবনের অভ্যন্তরীণ নৌপথে ভারতগামী বাণিজ্যিক কার্গো জাহাজে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) সন্ধ্যায় সুন্দরবনের শিবসা নদী পেরিয়ে শিংয়ের নালা এলাকায় এ ঘটনা ঘটে। বহরে থাকা চারটি জাহাজ দ্রুত গতি বাড়িয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও ‘এমভি আব্দুল হাকিম-১’ নামের একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়। বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল কমিটির কার্যকরী সভাপতি মো. সিরাজুল ইসলাম জানান, জাহাজগুলো খালি ছিল এবং ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ‘ফ্লাইঅ্যাশ’ আনার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর ২টার দিকে জাহাজগুলো মোংলা থেকে ভারতের উদ্দেশে যাত্রা করে। তিনি জানান, শেখবাড়িয়া এলাকার পর শিবসা নদী পার হয়ে শিংয়ের নালা খালে ঢোকার পরপরই একটি ট্রলারে থাকা ১০–১৫ জনের সশস্ত্র দল জাহাজ বহরকে ধাওয়া করে। বহরের অন্য চারটি জাহাজ দ্রুত সরে যেতে পারলেও পেছনের ‘এমভি আব্দুল হাকিম-১’ জাহাজে হামলাকারীরা উঠে পড়ে। সশস্ত্র দলটি জাহাজে উঠেই নিচে থাকা কার্গোর স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। বিষয়টি টের পেয়ে জাহাজের মাস্টার দ্রুতনিয়ন্ত্রণ কক্ষের সব গেট আটকে দেন। এ সময় সশস্ত্র দলটি মাস্টার কেবিনে ঢুকতে না পেরে বন্ধ দরজায় শটগান দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। প্রায় ১৫ মিনিট ধরে জাহাজে অবস্থান করে তারা জাহাজের স্টাফদের মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে পালিয়ে যায়। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনের অভ্যন্তরের আন্তর্জাতিক নৌপথে এমন ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। এ রুটে জোয়ার-ভাটার হিসেব করে চলতে গিয়ে অনেক সময় রাত-বিরাত হয়। নদীতে যদি শ্রমিকদের জানমালের নিরাপত্তা দেওয়া না হয় তবে এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হবো। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অন্যদিকে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ ও কয়রা থানা পুলিশ জানিয়েছে-এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। আবু হোসাইন সুমন/এএইচ/এমএস
Go to News Site