Jagonews24
বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বুধবার (১০ জুন) সকালে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। পুলিশ বলছে, মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভার আদালত অভিযুক্তের উপস্থিতিতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান শাহীন। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার তানজিনা সাথী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আরও পড়ুন স্ত্রীকে ভুয়া তালাকনামা: এএসপি সোহেল উদ্দিন কারাগারে মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরিচয়ের সূত্রে তানজিনা সাথী ও সোহেলউদ্দিন প্রিন্সের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে সোহেলউদ্দিন বাদী ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন। অভিযোগে আরও বলা হয়, সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন সময় নানা প্রয়োজনের কথা বলে বাদী ও তার পরিবারের কাছ থেকে মোট ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা গ্রহণ করেন তিনি। পরে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে অর্থও ফেরত দেননি। শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী মোসলেহউদ্দীন জসীম আদালতকে জানান, মামলার তদন্তে সিআইডি অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে অব্যাহতির আবেদন জানায়। তবে নথিপত্র ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং বিচার শুরুর নির্দেশ দেন। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোহেলউদ্দিন প্রিন্সের স্ত্রীর দায়ের করা যৌতুক-সংক্রান্ত আরেকটি মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে। এমডিএএ/এমআইএইচএস
Go to News Site