Somoy TV
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বুধবার (১০ জুন) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। আওয়ামী লীগের শেষ ৫ বছরেই সর্বনাশ- দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর এটি। এখানে বলা হয়েছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বিশাল ভূমিভান্ডার দখল করতে ‘ফিল্মি স্টাইল’ কৌশল নেয় চট্টগ্রামের প্রভাবশালী গোষ্ঠী। তারা শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের নেতৃত্বাধীন ছিন্নমূল পরিবারের সদস্যদের ঢাল হিসাবে ব্যবহার করেছে। জমি দখলমুক্ত করার অভিযান ঠেকাতে গুরুত্বপূর্ণ বায়েজিদ বাইপাস সড়ক অবরোধে এসব পরিবারকে ব্যবহার করত। আওয়ামী লীগ আমলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রকাশ্যে উচ্ছেদ অভিযান চালানোর কথা বললেও নিজেও করেছেন দখল। পণ্যের দাম কমার পাল্লাই ভারী- দৈনিক কালের কণ্ঠের লিড নিউজ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, ভঙ্গুর অর্থনীতি ও বিনিয়োগ-কর্মসংস্থানহীন উচ্চ মূল্যস্ফীতির কঠিন সময় পার করছে দেশের মানুষ। ঠিক এ রকম সংকটকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট সরকারের প্রথম বাজেট ঘোষণা রাত পোহালেই। প্রধানমন্ত্রী চান অর্থনৈতিক সংকটের সময়ে জিনিসপত্রের দাম না বাড়ুক। মানুষ লাগামহীন উচ্চমূল্য থেকে মুক্তি পাক। তাঁর এই চাওয়া থেকেই তৈরি হয়েছে এবারের বাজেট। ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমনভাবে শুল্ক-করের হার বিন্যাস করেছে যে পণ্যের দাম কমার পাল্লাই ভারী। করের চাপ বাড়বে, থাকবে কিছু ছাড়ও- দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর এটি। খবরে বলা হয়েছে, কয়েক বছর ধরে রাজস্ব আদায়ে বেশ বড়সড় ঘাটতি হচ্ছে। তাই প্রতিবারের মতো আগামী বাজেটেও শুল্ক-কর আদায়ে মরিয়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কারণ, বাজেটের বাড়তি খরচের জোগান দিতে হবে তাদের। একদিকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন বাস্তবায়ন শুরু হবে ১ জুলাই। অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার এক লাখ কোটি টাকা বাড়ানো হয়েছে। এমন প্রেক্ষাপটে এক লাখ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থবছরের জন্য এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্য দেওয়া হচ্ছে। এই বিশাল লক্ষ্য অর্জনে এনবিআর বিভিন্ন ক্ষেত্রে শুল্ক-কর বাড়ানোর পরিকল্পনা করেছে। ফলে সাধারণ মানুষের ওপর করের চাপ কিছু ক্ষেত্রে বাড়তে পারে। পুশইন বন্ধে কার্যকর পদক্ষেপ চেয়েছে বাংলাদেশ- দৈনিক সমকালের প্রথম পাতার শিরোনাম এটি। খবরে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তে প্রাণহানি, গুলির ঘটনা নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। এরপরও পুরোপুরি বন্ধ হয়নি সীমান্ত হত্যা। প্রাণহানির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর হয়নি। তবে সম্প্রতি পুশইন (ঠেলে পাঠানো) সীমান্তে উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত করেছে। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনও বেআইনিভাবে পুশইনের চেষ্টার সমালোচনা করছে। এ পরিস্থিতির মধ্যেই গত সোমবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে চার দিনের সীমান্ত সম্মেলন। দুই বাহিনীর মধ্যে শীর্ষ পর্যায়ের এই আলোচনায় পুশইন-পুশব্যাক ইস্যু গুরুত্ব পাচ্ছে। তবে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন চলাকালেও পুশইনের চেষ্টা থেমে নেই। গতকাল মঙ্গলবার রাতে বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, চলমান সীমান্ত সম্মেলনে পুশইন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয় বাংলাদেশের তরফে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এবারের আলোচ্যসূচির প্রধান বিষয় পুশইন ইস্যু।
Go to News Site