Collector
Giriş Yap
বিশ্বকাপ দল থেকে সাকাকে বাদ দিতে বললেন সাবেক ইংল্যান্ড ফুটবলার | Collector
বিশ্বকাপ দল থেকে সাকাকে বাদ দিতে বললেন সাবেক ইংল্যান্ড ফুটবলার

বিশ্বকাপ দল থেকে সাকাকে বাদ দিতে বললেন সাবেক ইংল্যান্ড ফুটবলার

ইনজুরিজনিত উদ্বেগের কারণে ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকাকে বাদ দিতে বলেছেন সাবেক ইংল্যান্ড ফরোয়ার্ড গ্যাব্রিয়েল অ্যাগবোনলাহর। কোস্টারিকার বিপক্ষে ইংল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচের আগে, ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ থমাস টুখেল জানিয়েছেন যে, ফরোয়ার্ড বুকায়ো সাকার ফিটনেস সামলানোই তার কাছে এখন অগ্রাধিকার। মৌসুমের শেষের দিকে, ২৪ বছর বয়সী এই খেলোয়াড় অ্যাকিলিস টেন্ডনের সমস্যার কারণে ক্লাব ও দেশের হয়ে সাতটি ম্যাচ খেলতে পারেননি। তবে ইনজুরি থেকে ফিরে এসে তিনি আর্সেনালকে প্রিমিয়ার লিগ শিরোপা জিততে সাহায্য করেন। সাকা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শুরুর একাদশে থাকলেও খেলা শেষের আগেই তাকে তুলে নেওয়া হয় এবং ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে। অন্যদিকে টুখেলের মন্তব্যের পর, সাবেক ইংল্যান্ড ফুটবলার অ্যাগবোনলাহর বলেন, তিনি মনে করেন যে সাকাকে বাদ দেওয়া উচিত। ‘ব্রেকফাস্ট উইথ অ্যান্ডি গোল্ডস্টেইন’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘দলের মধ্যে এটা কোনো উদ্বেগের বিষয় নয়, কারণ আমি মনে করি ব্যাপারটা বেশ সহজ হবে। সে (সাকা) মাত্র সাতটি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে পারেনি, যা খুব একটা খারাপ নয়। কিন্তু আমাদের কি এমন একজন খেলোয়াড়কে নেওয়া উচিত যার ইনজুরিজনিত সমস্যা আছে?’ ‘রিও এনগুমোহার দিকে তাকান। নিউজিল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স দেখুন এবং দেখুন আমরা কোন খেলোয়াড়দের দেশে রেখে আসছি- ফোডেন, বোয়েন এবং পালমার। আমাদের উইংয়ে এত বেশি প্রতিভা আছে যে এমন একজন খেলোয়াড়কে দলে রাখা যায় না, যে প্রতিদিন অনুশীলন করতে পারে না এবং পুরো ৯০ মিনিট খেলতে পারে না।’ অ্যাগবোনলাহর যোগ করেন, ‘আমি সাকাকে ভালোবাসি, কিন্তু যদি কেউ চোটের সমস্যায় ভোগে, আমি তাকে বদল করে নিতাম। আমি ফোডেন অথবা পালমারকে দলে নিতাম।’ ইউরোপীয় প্রতিযোগিতায় সাফল্যের পর অতিরিক্ত ছুটি পাওয়ায় দেরিতে দলে ফেরা পাঁচজন ইংল্যান্ড খেলোয়াড়ের মধ্যে সাকাও একজন ছিলেন।কিন্তু টুখেল তার তারকা উইঙ্গারকে নিয়ে কিছু উদ্বেগের কথা জানিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বুকায়োর ব্যাপারে আমাদের এখনও কিছুটা সতর্ক থাকতে হবে। তার মার্চ মাসে চোট ছিল এবং পুরো ক্লাব মৌসুম জুড়েই সে সেই চোট বয়ে বেড়িয়েছে।’ ‘মৌসুমের শেষে সে খেলার জন্য প্রস্তুত হয় এবং দুর্দান্ত খেলে, কিন্তু ম্যাচের মাঝে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছিল। এই মুহূর্তেও তা কিছুটা চলছে। আমরা তাকে ধীরে ধীরে প্রস্তুত করছি। আমরা এইমাত্র অনুশীলন থেকে ফিরলাম এবং বুকায়োসহ সবাই এতে অংশ নিয়েছে।’ এদিকে নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকার জিমি ফ্লয়েড হ্যাসেলবাইঙ্ক, যিনি ২০২৪ সালের ইউরোতে ইংল্যান্ডের কোচ ছিলেন, তিনি মনে করেন সাকাকে দলে রেখে টুখেল সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে ৪৮টি ম্যাচে সাকার ১৪টি গোল ও ৯টি অ্যাসিস্ট রয়েছে এবং তিনি তার ক্যারিয়ারে বিশ্বকাপ ও ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের হয়ে গোল করেছেন। অ্যাগবনলাহোরের সঙ্গে সেই অনুষ্ঠানে যখন হ্যাসেলবাইঙ্ককে জিজ্ঞাসা করা হয় যে, তিনি শতভাগ ফিট না থাকা সাকাকে দলে নেবেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই নেব। যদি সে প্রথম দুটি ম্যাচের জন্য শতভাগ ফিট না-ও থাকে, তাহলেও আমি তাকে অবশ্যই নেব, কারণ সে সবসময় বড় ম্যাচগুলোতে জ্বলে ওঠে।’ তিনি আরও বলেন, ‘সে দায়িত্বশীল এবং এখন তার অভিজ্ঞতাও হয়েছে। সে একজন পেনাল্টি টেকার; সে অ্যাসিস্ট করে এবং গোলও করে।’ এমএমআর

Go to News Site