Collector
Giriş Yap
বাণিজ্যিক মোটরযানের অগ্রিম কর বাড়ছে | Collector
বাণিজ্যিক মোটরযানের অগ্রিম কর বাড়ছে

বাণিজ্যিক মোটরযানের অগ্রিম কর বাড়ছে

আগামী ২০২৬-২৭ অর্থবছরে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান থেকে আদায়যোগ্য অগ্রিম করের হার বাড়াতে যাচ্ছে সরকার। করহার বাড়ানোর পাশাপাশি যানবাহনের শ্রেণিবিন্যাস আরও বিস্তৃত করা হচ্ছে। করের আওতায় আনা হচ্ছে কয়েকটি নতুন শ্রেণির যানবাহন। আগমী অর্থবছরে মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় নির্ধারিত হারে অগ্রিম কর পরিশোধ বাধ্যতামূলক করা হতে পারে। কর পরিশোধের চালান দাখিল না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবন্ধন বা ফিটনেস নবায়ন করতে পারবে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫২ আসনের বেশি বাসের অগ্রিম কর ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হচ্ছে। ৫২ আসন বা তার কম বাসের ক্ষেত্রে কর ১১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের কর ৩৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৫০ হাজার টাকা। একইভাবে নন-এসি ডাবল ডেকার বাসের কর ১৬ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা করা হচ্ছে। এছাড়া প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত ডাবল ডেকার ও স্লিপার বাসের জন্য ৫০ হাজার টাকা কর নির্ধারণ করা হচ্ছে। মিনিবাস ও কোস্টারের ক্ষেত্রে এসি যানবাহনের কর ১৬ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা এবং নন-এসি যানবাহনের কর ৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হচ্ছে। আরও পড়ুন দেশীয় শিল্প সুরক্ষায় বাজেটে কর-শুল্ক ছাড়ের উদ্যোগ মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়ালো পণ্যবাহী যানবাহনের করের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে ৫ টনের বেশি পেলোড ক্ষমতাসম্পন্ন ট্রাক, লরি বা ট্যাংক লরির জন্য ১৬ হাজার টাকা কর নির্ধারিত রয়েছে। আগামী অর্থবছরে ৫ থেকে ২০ টনের কম পেলোড ক্ষমতাসম্পন্ন যানবাহনের জন্য ৩০ হাজার টাকা এবং ২০ টন বা তার বেশি পেলোড ক্ষমতাসম্পন্ন যানবাহনের জন্য ৫০ হাজার টাকা কর নির্ধারণ করা হচ্ছে। এছাড়া দেড় টন থেকে ৫ টন পেলোড ক্ষমতাসম্পন্ন ট্রাক, কাভার্ড ভ্যান, কার্গো ভ্যান, লরি ও ট্যাংক লরির কর ৯ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হচ্ছে। দেড় টনের কম পেলোড ক্ষমতাসম্পন্ন যানবাহনের কর ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৭ হাজার ৫০০ টাকা। পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি ও অটোরিকশার অগ্রিম করও ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। এসি ট্যাক্সিক্যাবের কর ১১ হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা এবং নন-এসি ট্যাক্সিক্যাবের কর ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা করা হচ্ছে। আগামী অর্থবছরে আইন সংশোধন করে কয়েকটি যানবাহনকে পৃথকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাক্টর, ডাম্পট্রাক, কাভার্ড ভ্যান, কার্গো ভ্যান, ক্রেন, এক্সকাভেটর, ড্রেজার, রোলার, কংক্রিট মিক্সারসহ বিভিন্ন হেভি ও স্পেশাল পারপাস ভেহিকেল। এসব যানবাহনের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম কর নির্ধারণ করা হচ্ছে। এছাড়া নতুন বিধানে একাধিক বছরের জন্য নিবন্ধন বা ফিটনেস নবায়নের ক্ষেত্রে পরবর্তী বছরগুলোর কর ৩০ জুনের মধ্যে পরিশোধের বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। নির্ধারিত সময়ে কর পরিশোধ না করলে বকেয়া কর পরবর্তী বছরের করের সঙ্গে আদায় করা হবে। এমএএস/কেএসআর

Go to News Site