Jagonews24
এখন থেকে প্রতি মাসে ভাতা পাবেন এফসিপিএস ও এমডি/এমএস কোর্সে ভর্তি হওয়া বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। আগে ছয় মাস পরপর এই ভাতা দেওয়া হতো। সরকারের নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে প্রতি মাসের ভাতা প্রতি মাসেই পরিশোধ করা হবে। বুধবার (১০ জুন) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট-২ শাখার উপসচিব আলাউদ্দিন আলী সই করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদলের সঙ্গে গত ৮ জুন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ছয়টি সিদ্ধান্ত সংবলিত একটি যৌথ বিবৃতি সই হয়। বিবৃতির ১ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী— এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ হলে সকল বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসক ভাতা পাওয়ার যোগ্য হবেন এবং এই ভাতা প্রতি মাসে পরিশোধ করতে হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী, শর্ত পূরণকারী সকল বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা প্রতি মাসে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এতদিন নিয়ম অনুযায়ী প্রশিক্ষণার্থী চিকিৎসকরা প্রতি ছয় মাস পরপর একসঙ্গে ছয় মাসের বকেয়া ভাতা পেতেন। দীর্ঘ সময় পর ভাতা পাওয়ার কারণে চিকিৎসকদের নিয়মিত জীবনযাত্রায় ও আর্থিক ব্যবস্থাপনায় নানা জটিলতা পোহাতে হতো। সরকারের এই নতুন আদেশের ফলে চিকিৎসকদের দীর্ঘদিনের একটি বড় সংকটের সমাধান হলো। ভাতাবৈষম্য দূরীকরণ ও নিয়মিতকরণসহ ছয় দফা দাবিতে দেশজুড়ে আন্দোলন করেছিলেন ইন্টার্ন চিকিৎসক, স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে চিকিৎসক প্রতিনিধিদের এই সমঝোতা ও যৌথ সিদ্ধান্ত এলো। এসইউজে/বিএ
Go to News Site