Collector
Giriş Yap
রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নিয়ে আবারও মঞ্চে পালাকার | Collector
রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নিয়ে আবারও মঞ্চে পালাকার

রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নিয়ে আবারও মঞ্চে পালাকার

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘ডাকঘর’ নিয়ে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছে নাট্যদল পালাকার। আগামীকাল ১১ ও ১২ জুন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। এর মাধ্যমে সম্পন্ন হবে ‘ডাকঘর’র ১০৩তম ও ১০৪তম প্রদর্শনী। নাটকটিতে উঠে এসেছে মুক্তির আকাঙ্ক্ষা, কল্পনার বিস্তার এবং জীবন-দর্শনের এক অনন্য উপাখ্যান। শরতের প্রাণোচ্ছল উৎসবের আবহে গগন হরকরার গানের সুর স্পর্শ করে মাধবদত্তের অন্তরকে। কবিরাজের চিকিৎসা কিংবা সুধার মমতা-কোনো কিছুই বেঁধে রাখতে পারে না তার মুক্তির আকুলতাকে। মুক্তির সেই আহ্বানে সাড়া দিয়ে ঠাকুরদা নানা রূপে উপস্থিত হন। কখনো দইওয়ালা, কখনো প্রহরী, আবার কখনো ফকিরের বেশে তিনি অমলের মনে জাগিয়ে তোলেন স্বপ্নের বীজ। অমল হয়ে ওঠে এক মুক্ত আত্মার প্রতীক, যে সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে অসীমের দিকে ছুটে যেতে চায়। মাধবদত্ত ও অমলের দুই ভিন্ন সত্তার টানাপোড়েনেই গড়ে ওঠে নাটকের মূল বয়ান। শেষ পর্যন্ত কবিরাজের বিষবড়ি কিংবা ফুলের মালা কোনোটিই অমলকে আটকে রাখতে পারে না। সে উড়ে যায় মুক্তির পথে, যেন নাটাই ছুটে যাওয়া এক স্বাধীন ঘুড়ি। নাটকটির নির্দেশক শামীম সাগর বলেন, “আমরা সবাই এক ধরনের পূর্ণতার অপেক্ষায় থাকি। ক্ষুদ্র শরীরের ভেতর বিরাট বিশ্বশরীরের যে আকর্ষণ, সেটিই আমাদের টেনে নিয়ে যায়। মৃত্যু কোনো নিশেষের কথা বলে না, বরং সীমাবদ্ধ জীবন থেকে অসীমের দিকে যাত্রার মুক্তির বার্তা বহন করে। ‘ডাকঘর’-এ আমরা সেই মুক্তির আনন্দকে উদযাপন করেছি। এখানে বিষণ্ণতার কোনো স্থান নেই, আছে সৃষ্টির সঙ্গে দ্রষ্টার মিলনের আনন্দ।” নাটকটিতে অমল চরিত্রে অভিনয় করছেন নাহিদ স্মৃতি এবং মাধবদত্ত চরিত্রে ফরহাদ লিমন। এছাড়া ঠাকুরদা চরিত্রে রয়েছেন আমিনুর রহমান মুকুল। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন চারু পিন্টু, অবনী, শিশির, একা, সানজানা, সম্রাট, রমিজ, সাজ্জাদসহ আরও অনেকে। আরও পড়ুন:সেই ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে কী লিখেছিলেন দীপ্তি চৌধুরী এবারের বিশ্বকাপে কোন দলের পক্ষে মনির খান?  দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় এই প্রযোজনার নতুন দুটি মঞ্চায়ন নিয়েও আশাবাদী নাট্যদল পালাকার। তাদের প্রত্যাশা, রবীন্দ্রনাথের চিরন্তন দর্শন ও মানবমুক্তির বার্তা নতুন করে ছুঁয়ে যাবে দর্শকের হৃদয়। এমএমএফ

Go to News Site