Collector
Giriş Yap
ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান চালানোর পর পাইলট গ্রেফতার | Collector
ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান চালানোর পর পাইলট গ্রেফতার

ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান চালানোর পর পাইলট গ্রেফতার

কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার এক সাবেক পাইলটের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বিমান পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফৌজদারি মামলা দায়েরের পর গত সপ্তাহেহ (২ জুন) তাকে গ্রেফতার করেছে কানাডীয় পুলিশ।তদন্ত কর্মকর্তাদের দাবি, অভিযুক্ত জেফরি ওয়াল ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রয়োজনীয় যোগ্যতা ও বাধ্যতামূলক লাইসেন্স ছাড়াই ৯০০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। অন্টারিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিল রিজিওনাল পুলিশের ডেপুটি চিফ মিলিনোভিচ বলেন, পুরো ঘটনাটি যেন কোনো চলচ্চিত্রের কাহিনি। তার ভাষায়, জেফরি ওয়াল পাইলট ইন কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন এবং প্রায় ১৭ বছর ধরে বোয়িং ৭৬৭, ৭৭৭ ও ৭৮৭ উড়িয়েছেন। এ সময় তিনি প্রায় ৩০ লাখ কানাডিয়ান ডলার বেতনও গ্রহণ করেছেন। ঘটনাটি অনেকের কাছেই ২০০২ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’-এর বাস্তব প্রতিচ্ছবি বলে মনে হচ্ছে। ওই ছবিতে এক তরুণ ভুয়া পরিচয়ে পাইলট সেজে বিভিন্ন প্রতারণা চালিয়েছিল। প্রতিবেদন মতে, জেফরি ওয়াল প্রায় ২৭ বছর এয়ার কানাডায় কর্মরত ছিলেন এবং তার একটি কমার্শিয়াল পাইলট লাইসেন্সও ছিল। তবে পুলিশ বলছে, ২০০৯ সালে ক্যাপ্টেন পদে উন্নীত হওয়ার পর তার যে ‘এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স’ (এটিপিএল) থাকার কথা ছিল, সেটি তিনি কখনোই অর্জন করেননি। আরও পড়ুন: হরমুজ প্রণালীর কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত ডেপুটি চিফ মিলিনোভিচ বিষয়টিকে এমন একজন চিকিৎসকের সঙ্গে তুলনা করেন, যিনি সাধারণ চিকিৎসার অনুমতি পেলেও ব্রেন সার্জারি করছেন। তিনি বলেন, নির্দিষ্ট পেশাগত দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত যোগ্যতা ও নিয়মকানুনের প্রয়োজন হয় এবং সেগুলো জননিরাপত্তার স্বার্থেই নির্ধারণ করা হয়েছে। তার অভিযোগ, জেফরি ওয়াল তার নিয়োগকর্তা এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে নিজের যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। ২০২৫ সালে নিয়মিত নথি যাচাইয়ের সময় তার লাইসেন্স সংক্রান্ত গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। পরে এয়ার কানাডা বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে জানায়। তবে ‘প্রজেক্ট ইকারুস’ নামে পরিচিত ফৌজদারি তদন্ত শুরু হওয়ার আগেই ২০২৫ সালে অবসরে যান তিনি। ঘটনার বিষয়ে এয়ার কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, এ কারণে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। কারণ সংস্থার সব পাইলটকে প্রতি ছয় মাসে দক্ষতা যাচাইয়ের প্রশিক্ষণ নিতে হয় এবং প্রতি ১২ মাসে ট্রান্সপোর্ট কানাডা অনুমোদিত চেক-পাইলটের মাধ্যমে ফ্লাইট মূল্যায়ন সম্পন্ন করতে হয়। আরও পড়ুন: বিয়ের কয়েক ঘণ্টা পরই হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত যুবক নিহত তবে সংস্থাটি বলেছে, সঠিক লাইসেন্সিং বিমান নিরাপত্তা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং বিষয়টিকে তারা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। এরই মধ্যে ট্রান্সপোর্ট কানাডা জেফরি ওয়ালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাকে জরিমানাও করেছে। পাশাপাশি তার বিরুদ্ধে ৫ হাজার ডলারের বেশি অর্থমূল্যের জালিয়াতি, জাল নথি ব্যবহার এবং ভুয়া সিল বা চিহ্ন ব্যবহারের অভিযোগে মোট সাতটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আগামী ২৯ জুন তাকে আদালতে হাজির করা হবে। তবে তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: রয়টার্স

Go to News Site