Somoy TV
বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিশৃঙ্খলা এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে জ্বালানি নিরাপত্তা ও বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে মালয়েশিয়া ও জাপান।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে বুধবার (১০ জুন) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের সংকটের কথা উল্লেখ করে দুই নেতাই এই সংকট মোকাবিলায় তাদের যৌথ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। তিন দিনের জাপান সফর শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, জাপানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), পেট্রোলিয়াম, রাসায়নিক পণ্য (নেফথা ও ইউরিয়া) এবং মেডিকেল গ্লাভসের মতো প্রয়োজনীয় সামগ্রীর উন্মুক্ত ও স্থিতিশীল বাণিজ্য প্রবাহ বজায় রাখতে মালয়েশিয়া সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে, নিজস্ব অভ্যন্তরীণ চাহিদা ও উদ্বৃত্ত সক্ষমতার ভারসাম্য রক্ষা করে কীভাবে মালয়েশিয়া জাপানের জ্বালানি চাহিদা পূরণে আরও সহায়তা করতে পারে সে বিষয়েও দুই দেশ যৌথভাবে কাজ করবে। আরও পড়ুন: জাপানে পাঁচ বছরে জনসংখ্যা কমেছে ৩১ লাখ! এছাড়া, মালয়েশিয়া তাদের দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশলে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। এই লক্ষ্যে চুল্লি প্রযুক্তি নির্বাচন, উপযুক্ত স্থান নির্ধারণ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মতো বিষয়গুলোতে জাপানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং খনিজ ও বিরল মৃত্তিকা (রেয়ার আর্থ) সরবরাহের স্থিতিস্থাপকতা বাড়াতে দুই দেশ একসাথে কাজ করার অঙ্গীকার করেছে। বিশ্ববাজারে সরবরাহ শৃঙ্খলকে বাধাগ্রস্ত করতে পারে এমন অর্থনৈতিক জবরদস্তি, অ-বাজারসুলভ আচরণ এবং নির্বিচার রফতানি নিষেধাজ্ঞার বিষয়ে উভয় নেতাই উদ্বেগ প্রকাশ করেন। নির্ভরযোগ্য অংশীদারদের মধ্যে একটি নিরাপদ ও বৈচিত্র্যময় সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে তারা একমত হয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা), জাপান অর্গানাইজেশন ফর মেটালস অ্যান্ড এনার্জি সিকিউরিটি এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের মাধ্যমে খনিজ খাতের এই সহযোগিতা এগিয়ে নেয়া হবে। পাশাপাশি, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো দেশগুলোর সাথেও অংশীদারিত্বের সম্ভাবনা অন্বেষণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
Go to News Site