Somoy TV
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানকে ফেসবুকে রাজনৈতিক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদল নেতা-কর্মীদের ধাওয়া করার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগকে সাজানো নাটক বলে দাবি করেছে জেলা ছাত্রদল। পুলিশও প্রাথমিক তদন্তে এই ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি।বুধবার (১০ জুন) দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে মাহাদী হাসান দাবি করেন। নিরাপত্তার স্বার্থে তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় আশ্রয় নেন এবং পরে বাড়িতে ফিরে যান। জানা যায়, বুধবার দুপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কাজে বিআরটিএ কার্যালয়ে গিয়েছিলেন মাহাদী হাসান। সেখান থেকে ইজিবাইকে করে বাসায় ফেরার পথে কিছু ছাত্রদলকর্মী তাকে ধাওয়া করেন বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি নিয়ে তিনি ফেসবুক লাইভেও আসেন এবং পরে সদর মডেল থানায় গিয়ে পুলিশের সহায়তা চান। মাহাদী হাসানের দাবি, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেয়া একটি রাজনৈতিক স্ট্যাটাসকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ওই স্ট্যাটাসে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রশংসা করেছিলেন। এতে ছাত্রদলের কিছু নেতা-কর্মী ক্ষুব্ধ হয়ে তার পিছু নেয় বলে তিনি অভিযোগ করেন। এদিকে অভিযোগটি নাকচ করে দিয়েছে জেলা ছাত্রদল। তাদের দাবি, নিজে ভাইরাল হতে মিথ্যে হামলার অভিযোগ তুলে মাহাদী সাজানো নাটক করেছেন। জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ বলেন, ‘মাহাদী হাসানের সঙ্গে ছাত্রদলের কোনো নেতা-কর্মীর ধাওয়া বা তাড়ার ঘটনা ঘটেনি। তিনি নিজের প্রচার ও গুরুত্ব বাড়ানোর জন্য এমন দাবি করে ভাইরাল হতে চেয়েছেন। যদি সত্যিই ধাওয়ার ঘটনা ঘটত, তবে তার ফেসবুক লাইভেই সেই দৃশ্য দেখা যেত।’ আরও পড়ুন: হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার থানা সূত্রে জানা গেছে, মাহাদী হাসান থানায় পৌঁছানোর সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন না। পরে তিনি ডিউটি অফিসারকে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর এক উপপরিদর্শক (এসআই) থানার বাইরে গিয়ে খোঁজখবর নিলেও কাউকে দেখতে পাননি। মাহাদী প্রায় এক ঘণ্টা থানায় অবস্থান করেন এবং পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কেও বিষয়টি অবহিত করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহাদী হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছে। তবে এখন পর্যন্ত অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি আরও তদন্ত করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে এক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে হুমকি দেয়ার অভিযোগে মাহাদী হাসান আলোচনায় আসেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। পরে পুলিশ মামলা করলে তাকে গ্রেফতার করা হয়। কিছুদিন কারাবাসের পর তিনি জামিনে মুক্ত হন।
Go to News Site