Jagonews24
বলিউড অভিনেত্রী ও রাজনীতিক কঙ্গনা রানাউত মানেই যেন বিতর্কের আরেক নাম। বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন, রাজনৈতিক মন্তব্য কিংবা চলচ্চিত্রাঙ্গনের নানা বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি। এবার নিজের নতুন সিনেমার প্রচারণায় এসে বলিউডের সহকর্মীদের নিয়ে দেওয়া মন্তব্যে ফের শিরোনামে উঠেছেন এই অভিনেত্রী। বর্তমানে কঙ্গনা ব্যস্ত তার নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’র প্রচার নিয়ে। বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠান ও সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, সিনেমা মুক্তির আগে বলিউডের কেউ তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কি না। সাধারণত নতুন কোনো সিনেমা মুক্তির আগে সহকর্মী শিল্পী, পরিচালক বা প্রযোজকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে শুভকামনা জানিয়ে থাকেন। তবে কঙ্গনার ক্ষেত্রে চিত্রটা ভিন্ন বলেই জানিয়েছেন তিনি। আরও পড়ুন প্রচারণায় ছিলেন, সাফল্য উৎসবে কেন নেই জাহ্নবী? প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রির কারও সঙ্গে আমার তেমন যোগাযোগ নেই। কেউ আমাকে মেসেজ করে না।’ কঙ্গনার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। যদিও বিষয়টি নিয়ে তার কোনো আক্ষেপ আছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। একই সাক্ষাৎকারে সাম্প্রতিক ‘ডন ৩’ বিতর্ক নিয়েও কথা বলেন কঙ্গনা। অভিনেতা রণবীর সিংকে ঘিরে তৈরি হওয়া সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন মানুষ যত বেশি সফল হন, ততই তার বিরোধী বা শত্রুর সংখ্যা বাড়ে। এ সময় নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কঙ্গনা। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রির সবার কাছে আমি ব্যানড। সেখানে আমি আর কী-ই বা বলতে পারি?’ তবে কঙ্গনার এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন অশোক পণ্ডিত। তার দাবি, পুরো বিষয়টি না বুঝেই মন্তব্য করেছেন কঙ্গনা। অশোক পণ্ডিত বলেন, ‘অনেকেই পুরো ঘটনা না জেনেই মন্তব্য করছেন। কঙ্গনাও তেমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তাকেও একসময় নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শিল্প-সংশ্লিষ্ট বিষয় রয়েছে, যা না জেনেই অনেকে কথা বলছেন।’ আরও পড়ুন ৪৫ সেকেন্ডেই বাজিমাত, ফিফার ভিডিওতে নোরা তিনি আরও জানান, সংশ্লিষ্ট সংগঠনের আপত্তি ব্যক্তি রণবীর সিংকে কেন্দ্র করে নয়। বরং পেশাগত দায়বদ্ধতা এবং এর প্রভাব প্রযোজক, টেকনিশিয়ান ও অন্যান্য কর্মীদের ওপর কীভাবে পড়তে পারে, সেটিই তাদের মূল উদ্বেগ। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি বর্তমানে রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় কঙ্গনা রানাউত। তবে স্পষ্টভাষী মন্তব্যের কারণে প্রায়ই তাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়। এবার নতুন সিনেমার প্রচারণায় এসে বলিউডে নিজের অবস্থান নিয়ে দেওয়া বক্তব্যও সেই আলোচনার তালিকায় যুক্ত হলো। এমএমএফ/জেআইএম
Go to News Site