Jagonews24
ভারতীয় জনপ্রিয় র্যাপার বাদশা আবারও আলোচনায়। তবে এবার কোনো গান বা মঞ্চ পরিবেশনা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ছবি ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। রহস্যময়ী এক নারীর সঙ্গে তার ছবি প্রকাশের পর নেটিজেনদের একাংশের দাবি, ওই নারী পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন বাদশা। ছবিতে কালো পোশাকে মাঠের মধ্যে হাঁটতে দেখা যায় তাকে। তার পাশে ছিলেন সাদা পোশাক পরা এক নারী। তবে ছবিগুলোতে নারীর মুখ দেখা যায়নি। একটি ছবিতে ওই নারীর হাত ধরে হাঁটছেন বাদশা, যা ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা। ছবির ক্যাপশনে র্যাপার লিখেছেন, ‘এই বিশ্বব্রহ্মাণ্ড এক অদ্ভুত উপায়ে জীবনে মানুষকে এনে দেয়।’ পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘর ভরে যায় ভক্ত-অনুরাগীদের নানা প্রশ্নে। অনেকেই ধারণা করছেন, ছবির নারীটি হানিয়া আমির। একজন লিখেছেন, ‘ও কি হানিয়া আমির?’ আরেকজনের মন্তব্য, ‘শারীরিক গঠন দেখে মনে হচ্ছে তিনি হানিয়াই।’ কেউ কেউ আবার এটিকে নতুন কোনো কাজের ইঙ্গিত বলেও মনে করছেন। একজন মন্তব্য করেন, ‘এটা কি নতুন কোনো মিউজিক ভিডিওর প্রস্তুতি?’ অন্য একজন লেখেন, ‘নতুন কাজ দেখতে চাই, কিন্তু হানিয়ার সঙ্গে কেন?’ বিশেষ করে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে ভারতীয় শিল্পীদের কাজ করা নিয়ে চলমান বিতর্কের কারণে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে ভারতে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ নিয়ে নানা বিধিনিষেধের আলোচনা রয়েছে। ফলে হানিয়া আমিরের সঙ্গে বাদশার নাম জড়াতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি বাদশা কিংবা হানিয়া আমির। ফলে ছবির রহস্যময়ী নারীর পরিচয় এবং তাদের সম্ভাব্য কাজের বিষয়ে ধোঁয়াশা থেকেই গেছে। এদিকে বাদশার ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি কম আলোচনা হয়নি। কয়েক মাস আগে গুঞ্জন ওঠে, পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখিকে বিয়ে করেছেন তিনি। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তাদের বিয়ের খবর বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। চলতি বছরের মার্চে ঈশা রিখির মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পারিবারিক ছবি শেয়ার করলে সেই গুঞ্জন আরও জোরালো হয়। ছবিগুলোতে বাদশা ও ঈশাকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা যায়। এমনকি কয়েকটি ছবিতে তাদের মালাবদল করতেও দেখা গেছে বলে দাবি করা হয়। আরও পড়ুন:৪৫ সেকেন্ডেই বাজিমাত, ফিফার ভিডিওতে নোরা প্রচারণায় ছিলেন, সাফল্য উৎসবে কেন নেই জাহ্নবী? উল্লেখ্য, সম্প্রতি নিজের গান ‘টটীরী’ নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন বাদশা। গানটির কথায় অশালীনতার অভিযোগ তুলে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন রহস্যে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এই জনপ্রিয় র্যাপার। এমএমএফ
Go to News Site