Collector
Giriş Yap
স্পিলবার্গের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে | Collector
স্পিলবার্গের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে

স্পিলবার্গের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে

বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ আবারও নতুন সিনেমা নিয়ে ফিরছেন বড় পর্দায়। আধা শতাব্দীরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণে সক্রিয় এই মার্কিন পরিচালক দর্শকদের উপহার দিতে যাচ্ছেন তার নতুন ছবি ‘ডিসক্লোজার ডে’। সিনেমাটি আগামী ১২ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র। স্পিলবার্গকে বলা হয় আধুনিক হলিউডের সবচেয়ে প্রভাবশালী নির্মাতাদের একজন। তার সিনেমার মোট বক্স অফিস আয় ইতোমধ্যেই ১০ বিলিয়ন ডলারের বেশি, যা চলচ্চিত্র ইতিহাসে অন্যতম বড় রেকর্ড। পাশাপাশি তিনি তিনবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) জয় করেছেন। তাই তাঁর নতুন সিনেমা মানেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ ও উত্তেজনা। দীর্ঘ সময় ধরে তুলনামূলক ব্যক্তিগত ও মানবিক গল্প নিয়ে কাজ করার পর স্পিলবার্গ এবার ফিরেছেন তার চিরচেনা ঘরানায়- রহস্য, বিজ্ঞান, প্রযুক্তি ও অজানার বিস্ময়কে কেন্দ্র করে। ‘ডিসক্লোজার ডে’র মূল গল্প ভিনগ্রহের প্রাণীর পৃথিবীতে আগমন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি গোপন সরকারি ষড়যন্ত্রকে ঘিরে আবর্তিত। সিনেমাটিতে এমিলি ব্লান্ট অভিনয় করেছেন একজন আবহাওয়াবিষয়ক সাংবাদিকের চরিত্রে, যিনি ধীরে ধীরে ভিনগ্রহের রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েন। জশ ও’কনর অভিনয় করেছেন এমন এক চরিত্রে, যিনি মানুষের সঙ্গে ভিনগ্রহের যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে পান। অন্যদিকে কলিন ফার্থ দেখা যাবে ক্ষমতাধর এক প্রশাসনিক ভূমিকায়, যিনি এই সত্য গোপন রাখতে যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত। সিনেমার চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ, যিনি এর আগে স্পিলবার্গের সঙ্গে ‘জুরাসিক পার্ক’-এর মতো কালজয়ী সিনেমায় কাজ করেছেন। ফলে সিনেমাটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। প্রিমিয়ার প্রদর্শনী শেষে চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। কেউ কেউ একে গত দুই দশকে স্পিলবার্গের অন্যতম সেরা কাজ বলে মন্তব্য করেছেন। বিশেষ করে এমিলি ব্লান্টের অভিনয়কে তাঁর ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী পারফরম্যান্স হিসেবে উল্লেখ করা হচ্ছে। স্পিলবার্গ নিজেও জানিয়েছেন, এই সিনেমাটি দর্শকদের মহাবিশ্ব ও মানব অস্তিত্ব নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তার ভাষায়, ‌‘এই ছবি যেমন কিছু উত্তর দেবে, তেমনি আরও অনেক প্রশ্নও তৈরি করবে।’ সব মিলিয়ে ‘ডিসক্লোজার ডে’কে ঘিরে বিশ্বজুড়ে এখন আকাশচুম্বী প্রত্যাশা। বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তির খবরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এখন শুধু অপেক্ষা- স্পিলবার্গ আবারও তার জাদুতে দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন।   এলআইএ

Go to News Site