Somoy TV
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। গত ৮ এপ্রিলে যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে হামলার ঘটনায় সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মস্কো।বুধবার (১০ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অযৌক্তিক আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন ধাপ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দুই পক্ষেরই উচিত সামরিক হামলা অবিলম্বে বন্ধ করা এবং উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ নেয়া।’ রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মধ্য এশিয়া, আফগানিস্তান ও ইরাকসহ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি দুই দেশেরই দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে। এ প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার তেহরানের সঙ্গে সম্পর্ককে মস্কোর কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় যে বার্তা দিলো চীন এদিকে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। ধবার (১০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। চলমান পরিস্থিতি নিয়ে দুই পক্ষকে সম্পূর্ণ শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান লিন জিয়ান। তিনি যুদ্ধরত পক্ষগুলোকে শান্ত, সংযম প্রদর্শন এবং উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে প্রশমনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় অবলম্বনের আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়েরর এই মুখপাত্র। আরও পড়ুন: মার্কিন-ইসরাইলি হামলা প্রতিরোধে উপসাগরীয় দেশগুলোর ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ আছে: ইরান মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে বুধবার ভোরে ইরানের সামরিক সদর দফতর খাতামুল-আম্বিয়া জানায়, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে এই অঞ্চলের কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তথ্যসূত্র: আল জাজিরা
Go to News Site