Jagonews24
বিএনপি নেতৃত্বাধীন সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিন, ২০২৬-২৭ অর্থবছর ও আগামী পাঁচ বছরের জন্য মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১০ জুন) বিকেলে সংসদ অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের করা লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে দেওয়া লিখিত উত্তরে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এ দর্শনের আলোকে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা দেওয়া শুরু হয়েছে। পাইলটিং পর্যায়ে এ পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবারকে এ কার্ড দেওয়া হয়েছে। এছাড়া কৃষকের ইউনিক পরিচয় নিশ্চিতকরণ ও ন্যায্যমূল্যে উপকরণ পেতে গত ১ বৈশাখ (১৪ এপ্রিল) থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত ২০ হাজার ৭৪৮ জনকে এ কার্ড দেওয়া হয়েছে। এছাড়া শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এ লক্ষ্যে বাজেটে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলে সারাদেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবেন। ই-হেলথ কার্ড ও সম্মানী ভাতা ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার ও প্যাগোডা এবং ৩৯৬টি গির্জায় কর্মরত ব্যক্তিকে মাসিক সম্মানী ভাতা দিচ্ছে। পাশাপাশি জনগণকে ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮০ দিনের মধ্যে পাঁচটি জেলা- খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া শুরু হবে। এটি ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল ও ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে। আরও পড়ুন ২০০৯ সালে সশস্ত্র বাহিনীর ওপর সর্বগ্রাসী আঘাত এসেছিল: প্রধানমন্ত্রী কর্মসংস্থান ও শিক্ষাখাত সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরে শূন্য পদের বিপরীতে দুই হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। আগামী অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ১৮০ দিনের মধ্যে দেশের দুই হাজার ৩৩৬টি কারিগরি ও আট হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এছাড়া ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা তিন লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে এবং জাপানগামীদের ভিসাপ্রাপ্তি সহজ করা হয়েছে। পেপ্যাল চালু ও অবকাঠামো উন্নয়ন দেশে হাইটেক ও সফটওয়্যার পার্কগুলো কার্যকরভাবে পরিচালনা এবং পেপ্যাল কার্যক্রম আরম্ভের উদ্যোগ নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সারাদেশে শহর ও গ্রামে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে আট বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। পরিবেশ ও বিদ্যুৎ গত ১৬ মার্চ থেকে শুরু হওয়া খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় চারটি মন্ত্রণালয়ের মাধ্যমে ৬৬৬টি খালের কাজ চলমান, যার মোট দৈর্ঘ্য ৯৬৫ দশমিক ০৪ কিলোমিটার। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আসন্ন বর্ষাতেই প্রায় তিন কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এরই মধ্যে রুফটপ সোলার ও নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। ক্রীড়াখাতে উন্নয়ন ক্রীড়া প্রতিভা অন্বেষণে ১২ থেকে ১৪ বছরের শিশু-কিশোরদের জন্য ফুটবল, ক্রিকেটসহ আটটি খেলা অন্তর্ভুক্ত করে গত ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করা হয়েছে। নির্বাচনি ইশতেহারকে প্রাধান্য দিয়ে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জনকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনার অংশ হিসেবে এ পর্যন্ত ৩০০ জনকে ভাতা এবং ৩২৫ জনকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। কেএইচ/একিউএফ
Go to News Site